সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
শহরের ব্যস্ততা, কর্মক্ষেত্রের চাপ আর প্রতিদিনের একঘেয়েমি পেছনে ফেলে প্রকৃতির সান্নিধ্যে একদিনের আনন্দঘন সময় কাটালেন শতাধিক মানুষ। হাসি-আড্ডা, খাওয়া-দাওয়া ও ঘোরাঘুরিতে মুখর হয়ে ওঠে পটুয়াখালীর কলাপাড়া ও তালতলীর মধ্যবর্তী সুন্দরবনের পূর্বাঞ্চলীয় বনভূমি ফাতরার চর। মহিলাডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আসলাম শিকদারের উদ্যোগে এবং নতুনবাজারের আয়োজনে এ বনভোজন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) তালতলীর ফাতরার চরে আয়োজিত এ বনভোজনে আসলাম শিকদার ও আরিফ সিকদারের প্রিয়জন, স্বজন, বন্ধু-বান্ধবসহ শিক্ষক, চিকিৎসক, গণমাধ্যমকর্মী, আইনজীবী, চাকরিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
সকালে কলাপাড়া পৌরশহরের ইসামুন্সীর ট্রলারঘাট থেকে একটি স্টিলবডি ট্রলারে করে যাত্রা শুরু করেন অংশগ্রহণকারীরা। সোনাতলা নদীর মনোরম জলপথ পেরিয়ে হাজীপুর সেতুর নিচে কিছুক্ষণ যাত্রাবিরতি করেন তাঁরা। সেখানে সকালের নাশতা শেষে আবারও শুরু হয় ফাতরার চরের উদ্দেশে যাত্রা। বেলা সাড়ে ১০টার দিকে গন্তব্যে পৌঁছান বনভোজনের দল।
এরপর সবুজে ঘেরা প্রকৃতির মাঝে শুরু হয় দিনব্যাপী আনন্দ-উৎসব। পরিচিতজনদের সঙ্গে কুশল বিনিময়, গল্প-আড্ডা, হাসি-আনন্দ আর একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। কর্মব্যস্ত জীবনের বাইরে এমন একটি আয়োজন অংশগ্রহণকারীদের জন্য হয়ে ওঠে আনন্দ ও মানসিক প্রশান্তির উপলক্ষ। দিনব্যাপী আয়োজন শেষে বিকেলে আবার কলাপাড়ার উদ্দেশে রওনা হন তাঁরা।
আয়োজক ও মহিলাডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আসলাম শিকদার বলেন, ‘গত ৩০ বছর ধরে তিনি এ বনভোজনের আয়োজন করে আসছেন। প্রতিবছর ভিন্ন ভিন্ন জায়গাকে বনভোজনের স্থান হিসেবে বেছে নেওয়া হয়। এবার ফাতরার চরকে নির্বাচন করা হয়েছে। শহুরে ব্যস্ততা থেকে কিছুটা মুক্তি নিয়ে সবাই মিলে আনন্দময় সময় কাটানো এবং মানসিক প্রশান্তি পাওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।’
তিনি জানান, অংশগ্রহণকারীদের জন্য সকালে নাশতা, দুপুরের খাবার এবং ফেরার পথে আবারও নাশতার ব্যবস্থা রাখা হয়।
দীর্ঘ ৩০ বছরের এ আয়োজন এখন শুধু বনভোজনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং প্রিয়জন, বন্ধু ও পরিচিতজনদের একসঙ্গে মিলিত হওয়ার বার্ষিক উপলক্ষে পরিণত হয়েছে। বছর ঘুরে এমন একটি দিনের অপেক্ষায় থাকেন অনেকেই। ফাতরার চরের সবুজ প্রকৃতির মাঝে আনন্দ-আড্ডা ও স্মৃতিময় মুহূর্তের মধ্য দিয়ে শেষ হয় এবারের আয়োজন।