কার্বন ক্রেডিট থেকে কয়েক বিলিয়ন ডলার পাওয়ার আশা: ড. শেখ ফরিদুল ইসলাম

হোম পেজ » খুলনা » কার্বন ক্রেডিট থেকে কয়েক বিলিয়ন ডলার পাওয়ার আশা: ড. শেখ ফরিদুল ইসলাম
শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬


কার্বন ক্রেডিট থেকে কয়েক বিলিয়ন ডলার পাওয়ার আশা-ড. শেখ ফরিদুল ইসলাম

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম (এমপি) বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাছ লাগানোর মাধ্যমে দেশ উপকৃত হবে এবং যারা কার্বন দূষণ করছে তাদের কাছ থেকে কার্বন ক্রেডিটের আওতায় কয়েক বিলিয়ন ডলার সহায়তা পাওয়া সম্ভব।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মোংলা উপজেলার সাহেবেরমেঠ গ্রামে মাদুরপাল্টা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে। পাশাপাশি পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে। সুন্দরবনকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মোংলায় খাল পুনঃখনন কর্মসূচি বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস-এর নবপল্লব প্রকল্প এ খাল পুনঃখনন কর্মসূচির আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পশুর রিভার ওয়াটার কিপার মো. নূর আলম শেখ, স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোল্লা সফরুল হায়দার সুজন, সিএনআরএস-এর উপজেলা সমন্বয়কারী নুসরাত জাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, মৃধা ফারুকুল ইসলাম ও রকিবুল ইসলাম প্রমুখ।

কেয়ার বাংলাদেশ-এর নেতৃত্বে এ প্রকল্পের আওতায় ছয়টি খালের ১২ দশমিক ৫৫ কিলোমিটার পুনঃখনন করা হবে। এছাড়া একটি পুকুর খনন করা হবে। এতে ২ হাজার ৫০ পরিবার উপকৃত হবে এবং ৩ হাজার একর জমি উন্নত চাষাবাদের আওতায় আসবে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি কোদাল দিয়ে মাটি কেটে এবং বেলুন উড়িয়ে খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতেই এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এমই/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৬:১৪ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ