
আবদুল্লাহ জুয়েল, মনপুরা (ভোলা) থেকে
আজ ভয়াল ১২ নভেম্বর। উপকূলবাসীর জন্য শোক ও বেদনার দিন। ১৯৭০ সালের এই দিনে প্রলয়ংকরী সামুদ্রিক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ‘গোর্কি’ লণ্ডভণ্ড করে দেয় দেশের দক্ষিণ উপকূলীয় বিস্তীর্ণ জনপদ। মনপুরা, ঢালচর, হাতিয়া, নিঝুম দ্বীপ, নোয়াখালী, ভোলা, দৌলতখান, চরফ্যাসন, লালমোহন, বরিশাল, পটুয়াখালী, লক্ষ্মীপুর, সন্দ্বীপ, চট্টগ্রাম, বরগুনা ও মহেশখালীসহ উপকূলের বহু এলাকা পরিণত হয় মৃত্যুপুরীতে।
ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় আনুমানিক ১৫০ মাইল। এর সঙ্গে ২০ থেকে ২৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্রাণ হারান লাখ লাখ মানুষ। হারিয়ে যায় অসংখ্য পরিবার। সেই ভয়াল রাতের স্মৃতি ৫৬ বছর পরও ভুলতে পারেননি উপকূলের মানুষ। স্বজন হারানোর বেদনা আজও কাঁদায় তাঁদের।
এত বড় মানবিক বিপর্যয়ের ৫৬ বছর পেরিয়ে গেলেও ১২ নভেম্বর এখনো পায়নি রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ হিসেবে স্বীকৃতি। দীর্ঘদিন ধরে দিনটিকে উপকূল দিবস ঘোষণার দাবি জানিয়ে আসছেন উপকূলের মানুষ। ‘একটি দিন হোক উপকূলবাসীর’ স্লোগান সামনে রেখে গত ১৫ বছর ধরে উপকূলীয় সাংবাদিকতার পথিকৃৎ রফিকুল ইসলাম মন্টুর উদ্যোগে বিভিন্ন উপকূলীয় এলাকায় বেসরকারিভাবে দিবসটি পালন করা হচ্ছে।
১৯৭০ সালের সেই ভয়াল জলোচ্ছ্বাসের জীবন্ত সাক্ষী মনপুরার আশিউর্ধ্ব দুই নারী রাহেলা বেগম ও মফিজা খাতুন। সেদিন সাগরে ভেসে গিয়ে টানা সাত দিন ভেসে থাকার পর অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন তাঁরা। তাঁদের স্মৃতিতে এখনো দুঃসহ সেই রাতের বিভীষিকা।
মফিজা খাতুনের বর্ণনা অনুযায়ী, সেদিন ছিল রমজান মাস। সকাল থেকেই আবহাওয়া ছিল গুমোট। সন্ধ্যার পর বাড়তে থাকে বাতাসের গতি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উঠানে পানি উঠে যায়। স্বামী ও সন্তানদের নিয়ে ঘরে ছিলেন তিনি। গভীর রাতে প্রচণ্ড জোয়ারে ঘরসহ ভেসে যান। পরে একটি কাঠের টুকরো আঁকড়ে ধরে সাত দিন সাগরে ভেসে থাকেন।
সেই সময় সাগরে অসংখ্য মানুষের মরদেহ ভেসে যেতে দেখেন তিনি। মানুষের বাঁচার আকুতি ও মৃত্যুর সেই ভয়াবহ দৃশ্য এখনো তাঁকে তাড়া করে বেড়ায়। পরে একটি বিদেশি জাহাজ তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। চট্টগ্রামে এক মাস চিকিৎসা নেওয়ার পর সরকারি উদ্যোগে মনপুরায় ফিরে আসেন তিনি। মৃত্যুর আগে ১২ নভেম্বরকে সরকারিভাবে উপকূল দিবস ঘোষণা করা দেখে যেতে চান মফিজা খাতুন।
একইভাবে সাত দিন সাগরে ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন রাহেলা খাতুন। তাঁর ছেলে সহকারী শিক্ষক আবদুর রব মায়ের কাছ থেকে শোনা সেই ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দেন।
আবদুর রব জানান, সেই জলোচ্ছ্বাসে তাঁর মায়ের দুই বোন ও এক ভাই প্রাণ হারান। জলোচ্ছ্বাসের সময় রাহেলা খাতুন একটি খেজুরগাছে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু প্রবল বাতাস ও স্রোতের তোড়ে গাছ থেকে ছিটকে পড়েন। পরে গাছের ডাল আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেন। একপর্যায়ে ভেসে যাওয়া একটি কাঠের আলমারি ধরে অচেনা এক ব্যক্তির সঙ্গে সাগরের দিকে ভেসে যান।
আলমারির এক প্রান্তে রাহেলা খাতুন এবং অন্য প্রান্তে ওই অচেনা ব্যক্তি আশ্রয় নিয়ে সাত দিন সাগরে ভাসতে থাকেন। এ সময় তাঁরা অসংখ্য পশু ও মানুষের মরদেহ ভেসে যেতে দেখেন। দেখেছেন সাপের সঙ্গে মানুষের বেঁচে থাকার লড়াইও।
একপর্যায়ে দূরে একটি সামুদ্রিক জাহাজ দেখতে পেয়ে কাঠের সঙ্গে গামছা বেঁধে সংকেত দেন তাঁরা। পরে একটি বিদেশি জাহাজ তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এক মাস চিকিৎসা শেষে সরকারি উদ্যোগে মনপুরায় ফেরেন রাহেলা খাতুন।
আবদুর রব জানান, ঘটনার সময় তাঁর মায়ের বয়স ছিল ২৭ বছর। দুই বোন ও এক ভাইকে হারানোর বেদনা তাঁকে সারা জীবন কষ্ট দিয়েছে। বেঁচে থাকা অবস্থায় প্রতিবছর নভেম্বর এলেই সেই দুঃসহ স্মৃতির কথা সন্তানদের শোনাতেন তিনি।
এদিকে ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের খবর দেশের রাজধানীসহ বিশ্ববাসী জানতে পারে ঘটনার চার দিন পর। তৎকালীন দৈনিক পূর্বদেশ পত্রিকার ভোলা প্রতিনিধি মরহুম এম হাবিবুর রহমানের প্রতিবেদনে উঠে আসে উপকূলের ভয়াবহ বিপর্যয়ের চিত্র। খবর পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেড়তলা লঞ্চ নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে উপকূলে ছুটে যান।
সেই সময়ের ঘটনার বর্ণনা দেন তৎকালীন ভোলা কলেজের ছাত্রনেতা ও মনপুরা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল লতিফ ভূঁইয়া। তিনি জানান, দুর্গত মানুষের খোঁজখবর নিতে বঙ্গবন্ধু ঢাকা থেকে নেতাকর্মীদের নিয়ে লঞ্চযোগে দৌলতখানের চৌকি ঘাটে আসেন। পরে তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদকে সঙ্গে নিয়ে তজুমদ্দিন, চরফ্যাসন, ঢালচর, চরকুকরি-মুকরি ও মনপুরার দুর্গত এলাকা পরিদর্শন করেন।
বঙ্গবন্ধু মনপুরায় পৌঁছালে রামনেওয়াজ ঘাটে তাঁকে স্বাগত জানান সাবেক জ্বালানি সচিব নাজিম উদ্দিন চৌধুরীর বাবা বসরাতউল্লাহ চৌধুরী। তাঁকে খালি গায়ে দেখে নিজের গায়ের চাদর খুলে পরিয়ে দেন বঙ্গবন্ধু। পরে দুর্গত মানুষের মধ্যে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
ঘূর্ণিঝড়ের পর মনপুরার দুর্গত মানুষের দুর্দশা দেখে বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন একটি চিত্রকর্ম আঁকেন। ‘মনপুরা-৭০’ নামের সেই চিত্রকর্ম এখনো জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
সরকারিভাবে দিবসটি পালন না করা হলেও নিজস্ব উদ্যোগে এবারও ১২ নভেম্বর স্মরণ করবেন বিচ্ছিন্ন দ্বীপ মনপুরাসহ উপকূলীয় এলাকার বাসিন্দারা।
মনপুরার হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, রিপোর্টার্স ইউনিটির সম্পাদক লোকমান হোসেন এবং সাংবাদিক বনি-আমিন, সজিব মোল্লা, রাজু ও রাকিব হাসান বলেন, ১৯৭০ সালের জলোচ্ছ্বাসে মনপুরার অধিকাংশ বাসিন্দা প্রাণ হারান। পুরো উপকূল পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। স্বজন হারানোর সেই বেদনা আজও মানুষ ভুলতে পারেনি। তাই ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস ঘোষণার দাবি জানান তাঁরা।