সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে হাত বাঁধা অবস্থায় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া তুহিন মুন্সি (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে তাঁর নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তুহিনের বাবা অলী উল্লাহ মুন্সির অভিযোগ, তাঁর ছেলেকে কেউ হত্যা করে হাত বেঁধে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। গত বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন ছেলের কোনো খোঁজ না পেয়ে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে অলী উল্লাহ ছেলের ঘরের দরজায় ধাক্কা দেন এবং ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে তাকালে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছেলের মরদেহ দেখতে পান। এ সময় তাঁর দুই হাত বাঁধা ছিল।
পরে পুলিশকে খবর দেওয়া হলে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে অলী উল্লাহ মুন্সি বলেন, ‘গত দুই দিন ধরে আমার ছেলের দেখা নেই। শনিবার দুপুরে ওর ঘরের দরজায় ধাক্কা দিই এবং ডাকাডাকি করি। কিন্তু কোনো সাড়াশব্দ পাইনি। পরে বেড়ার ফাঁক দিয়ে ওকে হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখি।’
তিনি আরও বলেন, ‘আমার ছেলেকে কেউ হত্যা করে এ অবস্থায় রেখে গেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি চাই।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, হাত বাঁধা অবস্থায় গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।