
সাাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বাস্তবতায় অস্থিরতা প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নাগরিকদের করণীয় নির্ধারণে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির উদ্যোগে এবং The Hunger Project-এর সহায়তায় নির্বাচন পরবর্তী বাস্তবতা, শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি রক্ষায় করণীয় শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে বক্তারা বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা ও গুজব প্রতিরোধে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। মতের ভিন্নতা থাকলেও তা যেন কখনোই সহিংসতায় রূপ না নেয়-এ বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তারা। শান্তি, সহনশীলতা ও পারস্পরিক সম্মানের চর্চার মাধ্যমে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বাবুগঞ্জ উপজেলা সুজনের সভাপতি মো. সেলিম রেজার সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন The Hunger Project-এর বরিশাল অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা। বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি ও বাবুগঞ্জ উপজেলা সুজনের সম্পাদক আরিফ আহমেদ মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সুজনের সহ-সভাপতি প্রধান শিক্ষক সাইদুর রহমান, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহে আলম, পিএফজি সদস্য জাকির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিমন, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক, ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল-আমিন, জামায়াতে ইসলামীর যুব বিভাগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাহ ও ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মো. আবদুল্লাহ।
এসময় ইঞ্জিনিয়ার মহসিন উদ্দিন শামীম, সাবেক শিক্ষক মো. এনায়েত করিম, বাবুগঞ্জ উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মো. কামাল হোসেন মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল করিম হাওলাদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিক, গণমাধ্যমকর্মী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এএ/এমআর