সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় সরকারি বাসে অগ্নিসংযোগের অভিযোগে বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক দুই সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৫৮ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তবে মামলার বাদী বাসটির কোনো কর্মকর্তা-কর্মচারী নন। তিনি জেলা যুবদলের দপ্তর সম্পাদক। বাসে আগুন দেওয়ার ঘটনা স্থানীয় কেউ দেখেছেন কি না, তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। বাদীর ভূমিকা এবং মামলার পেছনের উদ্দেশ্য নিয়েও আলোচনা-সমালোচনা চলছে।
বুধবার (১১ নভেম্বর) মো. হুমায়ুন কবির (৪০) বাদী হয়ে বরগুনা থানায় মামলাটি করেন। তাঁর বাবার নাম মৃত বাশার উল্লাহ। বাড়ি বরগুনা পৌরসভার কেজি স্কুল সড়কে।
মামলার প্রধান আসামি বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফারজানা সুমি এবং জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা। এ ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৫ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে আইনজীবী ও জনপ্রতিনিধিও রয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, খুলনা থেকে বিআরটিসির একটি বাস বরগুনায় আসে। ধর্মঘটের কারণে বাসটি পুলিশ লাইন্সের পাশে টিটিসি ভবনের সামনের সড়কে রাখা হয়। ৮ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে চালক মো. শিপন হাওলাদার বাসটি টিটিসি ভবনের দক্ষিণ পাশে পাকা সড়কে রেখে যান। পরদিন ৯ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে বাসটি চলাচল না করানোর জন্য হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী।
বাদীর দাবি, রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় একদল ব্যক্তিকে অবরোধের সমর্থনে স্লোগান দিতে দেখেন তিনি। একপর্যায়ে তাঁরা বাসটিতে পেট্রোল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে বাসের আসন, ইঞ্জিন ও বডির বিভিন্ন অংশ পুড়ে যায়। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, টিটিসিতে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রাস্তার বৈদ্যুতিক বাতি ও আগুনের আলোতে বাদী এজাহারভুক্ত কয়েকজন আসামিসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের দেখতে ও চিনতে পারেন বলে দাবি করেছেন। খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তবে বাসটির সঙ্গে বাদীর কোনো সংশ্লিষ্টতা না থাকায় তাঁর মামলা করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের প্রশ্ন, সরকারি বাসে অগ্নিসংযোগের অভিযোগে বাস কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কেউ বাদী না হয়ে একজন রাজনৈতিক দলের নেতা মামলা করলেন কেন? তাঁকে মামলা করার অনুমতি কে দিয়েছেন? এ মামলার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। তাঁদের আশঙ্কা, মামলাটি আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানির হাতিয়ার হয়ে উঠতে পারে।
বাসটি যেখানে রাখা হয়েছিল, তার কাছাকাছি বাড়ি জাকির হোসেনের। তিনি বলেন, রাত দুইটার দিকে থানার এক ব্যক্তি ফোন করে তাঁকে জানান, তাঁর বাড়ির সামনে রাখা বাসে আগুন দেওয়া হয়েছে। তাঁকে বাসটি দেখতে বলা হয়। খবর পেয়ে বাইরে এসে তিনি বাসের দুজন লোককে চাকা খুলে আবার লাগাতে দেখেন। চাকার হাওয়া ছিল না। তবে তখন বাসে কোনো আগুন দেখতে পাননি তিনি। সকালে বাসটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়।
পরদিন সকালে কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তাঁদের অনেকেই বাসে আগুন দেওয়ার ঘটনা দেখেননি বলে জানান।
অভিযুক্তদের বক্তব্য
মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু বলেন, ‘গত দুই বছরে আমি বরগুনায় যাইনি। অথচ আমার বিরুদ্ধে একটির পর একটি মামলা দেওয়া হচ্ছে।’
জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, ‘আমি বরগুনা থেকে অনেক দূরে থাকি। অথচ আমাকে মামলার তিন নম্বর আসামি করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা মামলা।’
আগেও বিস্ফোরক আইনে মামলা
২০২৩ সালে বরগুনা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের একটি ঘটনাকে কেন্দ্র করে ২০২৫ সালে সরকার পতনের পর বিস্ফোরক আইনে মামলা করা হয়। ওই মামলায় একসঙ্গে ১২ জন আইনজীবীকে কারাগারে যেতে হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মধ্যে নতুন করে সরকারি বাসে অগ্নিসংযোগের অভিযোগে ৫৮ জনের বিরুদ্ধে মামলা হলো।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। তবে এ মামলায় এজাহারবহির্ভূত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।