পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, সচেতনতামূলক পদযাত্রা ও আলোচনা সভা

হোম » সর্বশেষ » পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, সচেতনতামূলক পদযাত্রা ও আলোচনা সভা
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬


 

পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, সচেতনতামূলক পদযাত্রা ও আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যে পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে পিরোজপুর ডায়াবেটিক সমিতি।

 

শনিবার (১৪ নভেম্বর) সকালে শহরের বাইপাস সড়কে অবস্থিত সমিতির কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমিতির কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সকাল ১০টায় সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

পিরোজপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি ছিলেন সুজনের সাবেক জেলা সভাপতি ও শিক্ষাবিদ প্রফেসর সেখ সাইদুর রহমান।

 

সমিতির সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলীর সার্বিক তত্ত্বাবধানে সভাটি সঞ্চালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এমএ রব্বানী ফিরোজ। এ সময় সমিতির সদস্য, চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ রোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর জীবনযাপন, সুষম খাবার গ্রহণ, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং প্রয়োজন অনুযায়ী রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা জরুরি।

 

তাঁরা আরও বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার ও সমাজের সর্বস্তরে জনসচেতনতা বাড়াতে হবে। এ জন্য নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি অন্যদের সচেতন করতেও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৩৭ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ