চরফ্যাশনে কোস্টগার্ডের জব্দ করা সার, ডিজেল ও ট্রলার টেন্ডারে বিক্রি

হোম » ভোলা » চরফ্যাশনে কোস্টগার্ডের জব্দ করা সার, ডিজেল ও ট্রলার টেন্ডারে বিক্রি
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬


 

চরফ্যাশনে কোস্টগার্ডের জব্দ করা সার, ডিজেল ও ট্রলার টেন্ডারে বিক্রি

সাগরকন্যা প্রতিবেদক, ভোলা

ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচায় কোস্টগার্ডের অভিযানে জব্দ করা ৪৯৩ বস্তা ইউরিয়া সার, ৪০০ লিটার ডিজেল ও সার পরিবহনে ব্যবহৃত মাছ ধরার ট্রলার টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে এ টেন্ডার কার্যক্রম সম্পন্ন হয়।

টেন্ডারে প্রতি বস্তা ইউরিয়া সারের সর্বোচ্চ দর ওঠে ৭৩৫ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দর ওঠে ৮০ টাকা। সারের সর্বোচ্চ দরদাতা হয়েছেন স্থানীয় ব্যবসায়ী কাজী হুমায়ুন কবির এবং ডিজেলের সর্বোচ্চ দরদাতা হয়েছেন ব্যবসায়ী মুফিজুল ইসলাম।

টেন্ডার কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ, কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা, দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবিরসহ স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের উপস্থিতিতে নির্ধারিত প্রক্রিয়ায় টেন্ডার সম্পন্ন করা হয়।

কোস্টগার্ডের দেওয়া এজাহার সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা থানার নজরুলনগর ইউনিয়নের বাবুরহাট লঞ্চঘাটসংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালায় কোস্টগার্ড আউটপোস্ট চরমানিকার সদস্যরা। এ সময় নদীতে থাকা একটি মাছ ধরার বোটে তল্লাশি চালিয়ে ৫০ কেজি ওজনের ৪৯৩ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। উদ্ধার করা সারের মোট পরিমাণ ২৪ হাজার ৬৫০ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ১৬ হাজার ২৫০ টাকা।

এ ছাড়া সার পরিবহনে ব্যবহৃত ‘এফবি মা-২’ নামের একটি মাছ ধরার ট্রলার, যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা এবং ৫৪ হাজার টাকা মূল্যের ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় আটজনকে আটক করে থানায় হস্তান্তর করে কোস্টগার্ড। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, উদ্ধার করা সার দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে এসব সার কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।

নদীপথে সার পাচার প্রতিরোধে কোস্টগার্ডের এ অভিযানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:৩২ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ