সংসদে চিফ হুইপের উদ্বেগ অবৈধ ট্রলিংয়ে হুমকিতে দক্ষিণাঞ্চলের মৎস্যসম্পদ

হোম » জেলে-মৎস্য » সংসদে চিফ হুইপের উদ্বেগ অবৈধ ট্রলিংয়ে হুমকিতে দক্ষিণাঞ্চলের মৎস্যসম্পদ
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬


 

অবৈধ ট্রলিংয়ে হুমকিতে দক্ষিণাঞ্চলের মৎস্যসম্পদ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনাসহ দক্ষিণাঞ্চলের বঙ্গোপসাগর ও উপকূলীয় নদ-নদীতে অবৈধ ট্রলিং পদ্ধতিতে মাছ শিকারের কারণে হুমকির মুখে পড়ছে সামুদ্রিক মৎস্যসম্পদ। বিশেষ ধরনের ক্ষতিকর জাল সমুদ্রের তলদেশ দিয়ে টেনে নেওয়ার সময় বড় মাছের পাশাপাশি ধ্বংস হচ্ছে অসংখ্য মাছের ডিম, রেণু ও পোনা। এতে মাছের প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে মাছের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ মো. নুরুল ইসলাম মনি।

 

মঙ্গলবার জাতীয় সংসদে বিষয়টি তুলে ধরে ক্ষতিকর ট্রলিং পদ্ধতিতে মাছ ধরা বন্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানান তিনি। জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর রশিদ জানান, ক্ষতিকর ট্রলিং জালের ব্যবহার বন্ধে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। আইন পাস হলে এসব জাল উৎপাদন ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

সংসদে বিষয়টি আলোচনায় আসার মধ্যেই বরগুনার পাথরঘাটায় অবৈধ আর্টিসানাল ট্রলিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি বোটসহ ২১ জেলেকে আটকের ঘটনা এ পদ্ধতির বিস্তারের বিষয়টি আবারও সামনে এনেছে।

 

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর শুক্রবার বিকেল ৫টার দিকে বিষখালী নদীর নীলিমা পয়েন্টসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দুটি বোট জব্দ করা হয়। বোট দুটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১৭টি বেহুন্দি জাল, চারটি উইংস, দুটি ডেরিক ও চারটি ট্রলডোর উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ২১ জেলেকে আটক করা হয়। পরে আটক জেলে, জব্দ করা বোট, জাল ও ট্রলিং সরঞ্জাম আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।

 

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ক্ষতিকর ট্রলিং পদ্ধতিতে মাছ ধরার কারণে শুধু বড় মাছই নয়, বিপুল পরিমাণ মাছের রেণু ও পোনা ধ্বংস হচ্ছে। এতে ভবিষ্যতে মাছের মজুত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পদ্ধতি বন্ধ করা না গেলে উপকূলীয় জেলেদের জীবিকা ও সামুদ্রিক মৎস্যসম্পদ উভয়ই সংকটে পড়বে।

বাংলাদেশ সময়: ১৬:০৬:০৭ ● ৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ