দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, লক্ষ্যমাত্রা ছাড়ানোর সম্ভাবনা

হোম » কৃষি » দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, লক্ষ্যমাত্রা ছাড়ানোর সম্ভাবনা
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬


 

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, লক্ষ্যমাত্রা ছাড়ানোর সম্ভাবনা

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকিতে চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া ও রোগবালাইয়ের প্রকোপ কম থাকায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। মাঠজুড়ে পাকা ধানের শীষে কৃষকের মুখেও ফিরেছে স্বস্তি।

 

উপজেলার মুরাদিয়া, লেবুখালী, পাঙ্গাশিয়া ও আঙ্গারিয়া ইউনিয়নের বিস্তীর্ণ মাঠে এখন পেকে উঠেছে আমন ধান। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে শুরু হবে ধান কাটা। এ জন্য ধান কাটা, মাড়াই ও শুকানোর প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা। উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় এবার ভালো লাভের প্রত্যাশাও তাঁদের।

 

স্থানীয় কৃষক আবদুল মজিদ হাওলাদার বলেন, এবার ঝড়-বন্যা হয়নি, রোগবালাইয়ের প্রকোপও ছিল কম। তাই প্রতি বিঘায় আগের চেয়ে বেশি ধান পাওয়ার আশা করছেন তাঁরা। বাজারদর ভালো থাকলে ঋণ পরিশোধ করাও সহজ হবে।

 

আরেক কৃষক সৈয়দ জিয়াউল হাসান বলেন, এই ফসলের ওপরই তাঁদের সংসারের ভরসা। ফলন ভালো হওয়ায় এবার লাভের আশা করছেন তিনি।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে দুমকিতে ৬ হাজার ৬০১ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। হেক্টরপ্রতি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ দশমিক ৫ টন। তবে অনুকূল আবহাওয়ায় এবার অধিকাংশ জমিতে হেক্টরপ্রতি প্রায় ৫ টন ধান উৎপাদন হতে পারে। এতে নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন সাগরকন্যাকে বলেন, পুরো মৌসুমে মাঠপর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে। সময়মতো সার প্রয়োগ ও রোগবালাই নিয়ন্ত্রণের ফলে এবার ভালো ফলন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

 

কৃষকেরা জানান, এবার ধান কাটার শ্রমিকের মজুরি কিছুটা বেড়েছে। তবে ফলন ভালো হওয়ায় বাড়তি ব্যয় পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন। ইতোমধ্যে কেউ কেউ পরবর্তী মৌসুমের জন্য বীজ সংরক্ষণ ও জমি প্রস্তুতির কাজও শুরু করেছেন।

 

দুমকির মাঠজুড়ে পাকা ধানের সমারোহ এখন কৃষকের ঘরে নতুন স্বপ্ন বুনছে। তাঁদের অপেক্ষা এখন নির্বিঘ্নে ফসল ঘরে তোলার।

বাংলাদেশ সময়: ১৪:২৪:৪৭ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ