
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
‘ধান, নদী, খাল, এই তিনে বরিশাল’ বিভাগের ব্র্যান্ডিং স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরে খাল পরিষ্কার অভিযান শুরু করেছে পৌর প্রশাসন। শহরের জলাবদ্ধতা নিরসন, খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, মশার বংশবিস্তার রোধ ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাজীবাড়ি ও মিয়াবাড়ি সংলগ্ন মুচিরখাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান।
এ সময় পৌর প্রশাসনের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করেন ভান্ডারিয়া বিডি ক্লিনের সদস্যরা। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অভিযানে অংশ নেন।
উদ্বোধনকালে পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান বলেন, সামান্য বৃষ্টিতেই পৌর শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানে খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, অবৈধ দখলমুক্ত করে খাল পুনরুদ্ধার ও পরিষ্কার করা জরুরি। এ উদ্যোগ জলাবদ্ধতা নিরসন, মশার বংশবিস্তার রোধ এবং শহরের সৌন্দর্যবর্ধনে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিরাজ হাওলাদার, ২ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি কাজী সফিকুল আলম সুমন এবং ভান্ডারিয়া বিডি ক্লিনের সমন্বয়ক মেহেদী হাসান। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।