দল-মত নির্বিশেষে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত দশমিনা গড়ার আহ্বান প্রতিমন্ত্রী নুরের

হোম পেজ » পটুয়াখালী » দল-মত নির্বিশেষে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত দশমিনা গড়ার আহ্বান প্রতিমন্ত্রী নুরের
শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬


দল-মত নির্বিশেষে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত দশমিনা গড়ার আহ্বান প্রতিমন্ত্রী নুরের

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

মোঃ নুরুল হক নুর এমপিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে প্রথম শুভ আগমন উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় বরণ, মতবিনিময়, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে দশমিনা অফিসার্স ক্লাব, উপজেলার সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৫টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে অংশ নেন তিনি।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আমাকে যারা ভোট দিয়েছেন আর যারা দেননি-সবার জন্যই কাজ করতে হবে। নির্বাচিত করায় তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত দশমিনা গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পর্যায়ক্রমে তিনি সনাতনী (হিন্দু) সম্প্রদায়ের নেতৃবৃন্দ, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন।

প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে দশমিনা শিক্ষা পরিবার, ব্যবসায়ী সমাজ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে তাকে উষ্ণ সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।


এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:২২:৪৬ ● ৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ