আমতলীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ২০, ৮ জনকে বরিশালে প্রেরণ

হোম পেজ » বরগুনা » আমতলীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ২০, ৮ জনকে বরিশালে প্রেরণ
বৃহস্পতিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৬


 

আমতলীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ২০, ৮ জনকে বরিশালে প্রেরণ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলী উপজেলার ঘোপখালী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঘোপখালী গ্রামের আব্দুল খালেক চৌকিদার ও রহমান আকনের মধ্যে এক একর ৫৪ শতাংশ জমি নিয়ে গত এক বছর ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রহমান আকন তার লোকজন নিয়ে ওই জমিতে চাষাবাদ করতে গেলে আব্দুল খালেক চৌকিদার বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

 

সংঘর্ষে আহতরা হলেন- আব্দুল খালেক চৌকিদার (৫৫), ইমরান চৌকিদার (২০), মালেক চৌকিদার (৫৫), ফরিদ গাজী (৪৮), নুর জাহান (৩৫), আব্দুস সালাম (৩৮), শারমিন (৩০), রুমা (২১), মাকসুদা (৩০), রহমান আকন (৫০), রফিক আকন (৪০), শহিদুল (৪৫), জাহানারা (৪০), মহিবুল্লাহ (২৬) ও ইউসুফ আকন (৬০)সহ মোট ২০ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, গুরুতর আহত আব্দুল খালেক চৌকিদার, মালেক চৌকিদার, ইমরান চৌকিদার, ফরিদ গাজী, মহিবুল্লাহ, রহমান আকন, রফিক আকন ও শহিদুল আকনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। অপর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

আহত আব্দুল খালেক চৌকিদার সাগরকন্যাকে বলেন, আমার জমিতে রহমান আকন তার লোকজন নিয়ে চাষাবাদ করতে এলে আমি বাধা দিই। এ সময় তারা কয়েক দফায় আমাকে ও আমার লোকজনকে কুপিয়ে গুরুতর আহত করে। ৯৯৯-এ খবর দিলেও পুলিশ আসতে বিলম্ব হওয়ায় আরও হামলা হয়। এতে আমার পক্ষের ১২ জন আহত হয়েছে।

 

অন্যদিকে আহত রহমান আকন বলেন, জমিতে চাষাবাদ করতে গেলে আব্দুল খালেক চৌকিদারের লোকজন আমাকেসহ ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:১৫:১৪ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ