কলাপাড়ায় চোরাই গরুর মাংস বিক্রি, কৃষক দলনেতার বিরুদ্ধে মামলা

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় চোরাই গরুর মাংস বিক্রি, কৃষক দলনেতার বিরুদ্ধে মামলা
বুধবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৬


কলাপাড়ায় চোরাই গরুর মাংস বিক্রি, কৃষক দলনেতার বিরুদ্ধে মামলা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামে গরু চুরি করে জবাই শেষে মাংস বিক্রির ঘটনায় জাতীয়তাবাদী কৃষক দলের মিঠাগঞ্জ ইউনিয়ন সভাপতি মনসুর জমাদ্দারকে প্রধান আসামি করে কলাপাড়া থানায় মামলা হয়েছে। মঙ্গলবার বিকালে একই গ্রামের রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, গত ১৫ ফেব্রুয়ারি সকালে রফিকুল ইসলামের খোঁয়াড় থেকে লক্ষাধিক টাকা মূল্যের চার বছর বয়সী একটি বকনা গরু চুরি করে নিয়ে যায় আসামিরা। পরে গ্রামসংলগ্ন নদীপাড়ে গরুটি জবাই করে মাংস বিক্রি করা হয় এবং গরুর মাথা কাদার মধ্যে লুকিয়ে রাখা হয়। বুধবার নদীতে ভাসমান অবস্থায় গরুর মাথা উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় বিক্রির সময় ১২ কেজি মাংসসহ আজিজুল বয়াতী নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আল-আমিন, মো. লিটন ও মো. ইসমাইলকে মামলায় আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোফাজ্জেল হোসেন জানান, গরু জবাই করে মাংস ভাগাভাগি ও বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার জবানবন্দি রেকর্ডসহ পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
কলাপাড়া উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুস সালাম তালুকদার জানান, উপজেলা বিএনপির সভাপতির নির্দেশনায় মিঠাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫৪:০৩ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ