
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছারছীনা দরবার শরীফ-এর উদ্যোগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে একটি স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি ছারছীনা শরীফ থেকে শুরু হয়ে স্বরূপকাঠি বন্দর হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার প্রায় তিন হাজার শিক্ষার্থী ও শিক্ষক, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ-এর নেছারাবাদ উপজেলা শাখার নেতাকর্মী, জগন্নাথকাঠী নূরানী মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণ অংশ নেন। এ সময় আহলান সাহলান মাহে রমজান, রমজানের পবিত্রতা রক্ষা করুন, দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখুন’ প্রভৃতি স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্বরূপকাঠি পৌর শহর।
উপজেলা চত্বরে আয়োজিত সমাবেশে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে বক্তব্য দেন ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মো. রুহুল আমিন (সালেহী), সহকারী অধ্যাপক (ইংরেজি) মো. নজরুল ইসলাম, প্রধান মুফতি আলহাজ্ব মাওলানা মাহমুদুম মুনির হামিম, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ নেছারাবাদ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ডা. মো. মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল আউয়াল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের মূল শিক্ষা ধৈর্য, সহমর্মিতা ও নৈতিকতার চর্চা। রমজানের পবিত্রতা রক্ষা করে ইবাদত-বন্দেগিতে অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, রোজার প্রকৃত শিক্ষা যেন ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে প্রতিফলিত হয়। রমজানের সম্মান অক্ষুণ্ণ রাখা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।
আরএ/এমআর