
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনা উপজেলার মীরমদন গ্রামে প্রবাসীর স্ত্রী মোসাঃ তহামিনা (৩৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ২ নং আলীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কলাতলা আলতাব হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে রহস্য ও প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোসাঃ তহামিনা ওই এলাকার মৃত আলতাফ সরদারের মেয়ে। তিনি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর এলাকার এক সৌদি প্রবাসীর স্ত্রী। কয়েক বছর আগে প্রবাসে অবস্থানকালে তাদের মধ্যে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে দেশে ফিরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রায় এক বছর আগে তহামিনা প্রবাসের চাকরি ছেড়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পরিবারের অন্যান্য সদস্যরা বাইরে কাজের উদ্দেশ্যে বের হলে তহামিনা ঘরে একা ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে তার চাচা ঘরে পেছনের দরজা ভেঙে প্রবেশ করলে তাকে বারান্দায় আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানায়।
দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।
এ বিষয়ে দশমিনা থানার পরিদর্শক (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ জানান, ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।