
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে গণমাধ্যমকর্মীরা নির্মাণ কাজ চলতে দেখেন।
স্থানীয়দের দাবি, হাসপাতালের সামনের খোলা সরকারি জায়গায় অনুমতি ছাড়াই টিনশেড ও দোকানঘর নির্মাণ করা হচ্ছে। এতে রোগী ও স্বজনদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং জরুরি সেবা প্রদানে বাধা তৈরি হচ্ছে। বিশেষ করে অ্যাম্বুলেন্স চলাচলে সমস্যা হওয়ায় সংকটাপন্ন রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর মতে, হাসপাতালের সামনের জায়গাটি জনস্বার্থে উন্মুক্ত থাকার কথা। সেখানে স্থাপনা নির্মাণ হলে হাসপাতালের পরিবেশ ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, জাতীয় মহাসড়কের আশোকাঠী এলাকায় হাসপাতালসংলগ্ন বরিশাল সড়ক বিভাগের (সওজ) অধিগ্রহণকৃত ভূমিতে অবৈধভাবে ভবন নির্মাণ করা হচ্ছে। সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী ও সার্ভেয়ার একাধিকবার মৌখিকভাবে কাজ বন্ধের নির্দেশ দিলেও তা উপেক্ষা করে রাতের অন্ধকারে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
নির্বাহী সূত্রে জানা গেছে, এর আগে সওজের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ আল-আমীন স্বাক্ষরিত নোটিশে মো. হাবিবুর রহমানকে অবৈধ স্থাপনা নির্মাণ কার্যক্রম বন্ধ করার জন্য লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছিল।
অভিযোগের প্রতিক্রিয়ায় স্থানীয়রা মো. হাবিবুর রহমান (পিতা: মৃত মানিক সরদার), গ্রাম ও পোস্ট- আশোকাঠী, গৌরনদী, বরিশাল- এর নাম উল্লেখ করেছেন। অপরদিকে, মো. হাবিবুর রহমান নিজেকে ওই জমির বৈধ মালিক বলে দাবি করে সম্পত্তিতে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। স্থাপনাগুলো অনুমোদনবিহীন প্রমাণিত হলে তা উচ্ছেদ ও জায়গা পুনরুদ্ধারের দায়িত্ব স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগের বলে মনে করছেন সচেতন মহল।