
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ফলাফলে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম বিন সাঈদীকে ৯,২৪০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
প্রাপ্ত ফলাফলে সোহেল মনজুর সুমন মোট ১,০৪,৪১৩ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম বিন সাঈদী পান ৯৫,১৭৩ ভোট। এ আসনের ১৬৬টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৪,০৯,২৮৮ জন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সূত্র জানায়, কাউখালী উপজেলার ৩৩টি কেন্দ্রে মোট ৬৫,৫৩৪ ভোটারের মধ্যে সোহেল মনজুর সুমন পান ১৫,০০৩ ভোট এবং শামীম বিন সাঈদী পান ১৮,৯৯১ ভোট। ফলে কাউখালীতে শামীম ৩,৯৮৮ ভোটে এগিয়ে ছিলেন।
ভান্ডারিয়া উপজেলার ৫৬টি কেন্দ্রে মোট ১,৪১,৭৬৪ ভোটারের মধ্যে সোহেল মনজুর সুমন পান ১৯,৯১০ ভোট এবং শামীম বিন সাঈদী পান ৩৯,০১৯ ভোট। এতে ভান্ডারিয়ায় শামীম ১৯,১০৯ ভোটে এগিয়ে ছিলেন।
সবচেয়ে বেশি ভোটার অধ্যুষিত নেছারাবাদ উপজেলার ৭৭টি কেন্দ্রে মোট ১,৯৭,৯৯৯ ভোটারের মধ্যে সোহেল মনজুর সুমন পান ৬৯,৫০০ ভোট এবং শামীম বিন সাঈদী পান ৩৭,১৬৩ ভোট। এ উপজেলা থেকেই সোহেল ৩২,৪৩৭ ভোটের বড় ব্যবধানে এগিয়ে গিয়ে সামগ্রিক ফলাফলে জয় নিশ্চিত করেন।
এ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করেন আমার বাংলাদেশ পার্টির প্রার্থী ফয়সাল খান, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আনিসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবুল কালাম আজাদ এবং জাতীয় পার্টি (জেপি)-এর প্রার্থী মাহিবুল হোসেন।