পায়রা বন্দরের ফোরলেন সেতুর ট্রাভেলার ফার্ম ভেঙে নদীতে পড়ে নিহত ১, আহত ১০

হোম পেজ » পায়রা বন্দর » পায়রা বন্দরের ফোরলেন সেতুর ট্রাভেলার ফার্ম ভেঙে নদীতে পড়ে নিহত ১, আহত ১০
রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬


 

পায়রা বন্দরের ফোরলেন সেতুর ট্রাভেলার ফার্ম ভেঙে নদীতে পড়ে নিহত ১, আহত ১০

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন ফোরলেন সেতুর ট্রাভেলার ফার্ম (লোহার সাটার) ভেঙে রাবনাবাদ নদীতে পড়ে রাসেল হাওলাদার (৩২) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন। গুরুতর আহত রঞ্জু ও রাকিবুল নামের দুই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে সেতুর লালুয়া অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ১০ থেকে ১৫ জন শ্রমিক সেতুর ওপরে লোহার সাটারের ওপর বসে রড বাঁধাইয়ের কাজ করছিলেন। বেলা সাড়ে ১০টার দিকে হঠাৎ চেইন ছিঁড়ে শ্রমিকদেরসহ সাটারটি নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

পায়রা বন্দরের সিক্সলেন সড়কের সঙ্গে সংযুক্ত ১১৮০ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণ করছে চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ (সিআরবিজি) ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি)। ২০২৪ সালের ১২ মার্চ সেতুটির নির্মাণকাজ শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা সরঞ্জামে ঘাটতি ছিল।

কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৫৫ ● ১৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ