
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেছেন, আসমানে ফয়সালা হয়ে গেছে। আল্লাহর রহমতে আগামী ১২ তারিখে তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, আর আমরা যদি বরগুনায় ধানের শীষে ভোট না দিই, তাহলে কীভাবে এলাকার উন্নয়ন চাইব।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া মাদরাসা মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে বরগুনা-১ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লার শেষ নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিপুল ভোটে মো. নজরুল ইসলাম মোল্লাকে সংসদে পাঠাতে না পারলে আমাদের মুখ ছোট থাকবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘদিন এ এলাকায় নৌকার সংসদ সদস্য ছিল। এখনও অনেক আওয়ামী লীগের ভাই-বোন আছেন। কিন্তু এবার নৌকা প্রতীক নেই। আপনারা এই দেশের নাগরিক। ভোট দেওয়া আপনাদের পবিত্র দায়িত্ব। তাহলে কি আপনারা ভোট দেবেন না?
আওয়ামী লীগ নেত্রীকে ইঙ্গিত করে কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, কোরআনে আছে, নিজে বাঁচেন, আহাল বাঁচান। আপনাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি কি এখন আপনাদের কথা ভাবছেন? আত্মীয়-স্বজন নিয়ে পালিয়ে যাওয়া নেত্রীর জন্য অপেক্ষা করা মূর্খতা ছাড়া কিছু নয়।
তিনি আরও বলেন, আপনারা এই সমাজ ও দেশের নাগরিক। আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এখন বিবেকের কাছে প্রশ্ন করুন- কাকে ভোট দেবেন? যে দল সরকার গঠন করবে, সেই দলই উন্নয়ন করবে। আগামীতে রাষ্ট্রক্ষমতায় আসবে জাতীয়তাবাদী দল বিএনপি। আর সেই দলের প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ভুল করবেন না। নাগরিক অধিকার প্রয়োগ করে ধানের শীষে ভোট দিয়ে মো. নজরুল ইসলাম মোল্লাকে বিজয়ী করুন।
জনসভায় বরগুনা জেলা, আমতলী ও তালতলী উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
এমএইচকে/এমআর