গৌরনদীতে গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

হোম » বরিশাল » গৌরনদীতে গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
শনিবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৬


 

গৌরনদীতে গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশাল জেলা এবং গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার বিকালে গৌরনদী উপজেলার শরিকল তালিমুল কুরআন ইসলামীয়া দাখিল মাদ্রাসার মাঠে আয়োজিত দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী সভায় প্রধান অতিথি বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খানের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা দলে যোগ দেন।

 

দাঁড়িপাল্লা প্রতীককে সমর্থন জানিয়ে বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন, সহ-সভাপতি ওয়াশিম খান, নুরুল ইসলাম সেরনিয়াবাত, শহিদুল ইসলাম, বরিশাল জেলা যুব অধিকার পরিষদের পাঠচক্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাহিদ খান, আগৈলঝাড়া উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক উজ্জ্বল খান এবং গৌরনদী উপজেলা যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা যোগদান করেন।

 

নির্বাচনী সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আল-আমীন, সেক্রেটারি মো. বায়েজিদ শরীফ, পৌর জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান এবং সেক্রেটারি অধ্যাপক আজিজুর রহমান।

 

যোগদানকারী নুরুল আমিন বক্তব্যে বলেন, বাংলাদেশে একটি পরিবর্তনের রাজনৈতিক আশায় তারা এতদিন গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কিন্তু দেশে নির্বাচনী আবহ তৈরি হওয়ার পর তারা দেখেছেন, তাদের সেই আশা ভুল ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর যে রাজনৈতিক দল দেশে চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি ও সন্ত্রাস কায়েম করেছে, সেই দলের সঙ্গে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা হাত মিলিয়েছেন। বিষয়টি তাদের ভাবিয়ে তোলে। তাই একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তারা গণঅধিকার পরিষদ ছেড়ে জামায়াতে ইসলামীর দলে যোগদান করেছেন বলে জানান।

বাংলাদেশ সময়: ২২:২৮:২৬ ● ১১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ