প্রতিপক্ষের কার্যকলাপ নিয়ে শঙ্কা প্রশাসনের নিরপেক্ষতা চেয়ে গলাচিপায় ঘোড়া প্রতীকের প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন

হোম পেজ » পটুয়াখালী » প্রতিপক্ষের কার্যকলাপ নিয়ে শঙ্কা প্রশাসনের নিরপেক্ষতা চেয়ে গলাচিপায় ঘোড়া প্রতীকের প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন
শনিবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৬


 

প্রশাসনের নিরপেক্ষতা চেয়ে গলাচিপায় ঘোড়া প্রতীকের প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছে। নুরুল হক নুরের সমর্থকদের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর আশঙ্কা এবং প্রশাসনের নিরপেক্ষ সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।

 

শনিবার দুপুর ২টায় গলাচিপা পৌরশহরের ফিডার রোডে ঘোড়া প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান বলেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই ট্রাক মার্কার কর্মী-সমর্থকরা পরিবেশ উত্তপ্ত করছে। তারা উসকানিমূলক বক্তব্য দিচ্ছে এবং বকুলবাড়িয়ায় নুরুল হক নুরের উপস্থিতিতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় মামলা করা হলেও পাল্টা মামলাও গ্রহণ করেছে থানা, যা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে বলে দাবি করেন তিনি।

 

তিনি বলেন, ৪ ফেব্রুয়ারি আমখোলায় তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। শুক্রবার রাতে ঘোড়া প্রতীকের এক সমর্থককে ট্রাক মার্কার সমর্থকরা হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একটি ঘরে আগুন দেওয়ার বিষয়ে একটি সাক্ষাৎকার রয়েছে দাবি করে তিনি বলেন, সংশ্লিষ্ট নারীকে ম্যানেজ করার চেষ্টা চলছে।

 

সিদ্দিকুর রহমান বলেন, নুরুল হক নুরের সঙ্গে তাদের চারটি নির্বাচনী কর্মসূচি ওভারল্যাপ করেছে। এ কারণে তারা কর্মসূচি না করলেও প্রতিপক্ষ গভীর রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বিভিন্ন ঘটনা ঘটিয়ে তা তাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। তবে কোনো ঘটনায় তাদের পক্ষের কেউ জড়িত থাকলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিলে আপত্তি থাকবে না বলে জানান তিনি।

 

তিনি আরও বলেন, একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সর্বশেষ শুক্রবার দিবাগত গভীর রাতে ভিপি নুরের ট্রাক মার্কার সমর্থক নাইমুল ইসলামের বসতঘরে হাসান মামুনের সমর্থকদের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ ওঠার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার হাওলাদার, মো. মিজানুর রহমান, অ্যাডভোকেট হিরন, আসাদুজ্জামান সবুজ খানসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৯:০০:৪৭ ● ৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ