
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বিএনপির সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের আইনজীবীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বরগুনা জেলা আইনজীবী সমিতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।
শনিবার (৮ নভেম্বর) রাতে বরগুনা প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাবেক এমপি ফরহাদের বক্তব্য শুধু আইনজীবী সমাজ নয়, পুরো বিচার অঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক ও পাবলিক প্রসিকিউটর আলহাজ মো. নুরুল আমিন, সদস্য সচিব মনোয়ারা আক্তার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি রনজুয়ারা সিপু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক মো. মজিবুর রহমান, সদস্য সচিব আবদুল ওয়াসি মতিনসহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ।
জানা যায়, গত ৫ নভেম্বর বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে এক সভায় বিএনপির সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ আইনজীবীদের নিয়ে বলেন, ওকালতি যারা করে তারা টাউট-বাটপার। তার এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আইনজীবী সমাজে ক্ষোভের সৃষ্টি হয়।
বরগুনা আইনজীবী সমিতির আহ্বায়ক আলহাজ মো. নুরুল আমিন বলেন, ফরহাদ সাহেবের এ বক্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানের আইনজীবীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি অবিলম্বে ফরহাদকে প্রকাশ্যে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আহ্বান জানান। পাশাপাশি সরকারের প্রতি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।