
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে কোস্টগার্ডের অভিযানে জব্দ করা দুটি আর্টিসানাল (Artisanal) ট্রলিং বোটের একটি অর্থের বিনিময়ে আবারও সাগরে মাছ ধরতে পাঠানোর অভিযোগ উঠেছে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামানের বিরুদ্ধে। জব্দ করা বোটের অবস্থান, মালিকানা ও ইঞ্জিন নম্বর নিয়েও দেখা দিয়েছে গুরুতর অসংগতি। জব্দ তালিকায় উল্লেখিত ইঞ্জিন নম্বরের সঙ্গে ডকইয়ার্ডে থাকা বোটের ইঞ্জিন নম্বরের মিল না থাকায় ঘটনাটি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
স্থানীয় জেলেদের অভিযোগ, কুয়াকাটার আলীপুরের এফবি এলমা আক্তার-৪ নামের বোটটি অর্থের বিনিময়ে সাগরে মাছ ধরার সুযোগ পেয়েছে। তবে অভিযোগের বিষয়ে কুয়াকাটা নৌ পুলিশের কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর মহিপুর থানা এলাকার নিজামপুর কোস্টগার্ডের অভিযানে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে এফবি এলমা আক্তার-৪ ও মেঘনা-৫ নামের দুটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। এফবি এলমা আক্তার-৪-এর মালিক মৎস্য বন্দর আলীপুরের মৎস্য ব্যবসায়ী ইউপি সদস্য কাজী আবুল হোসেন, যিনি এলাকায় আবুল কোম্পানি নামে পরিচিত। বোটটির নিবন্ধন নম্বর ১২২০২। দৈর্ঘ্য ১৮ মিটার, প্রস্থ ৪ দশমিক ৩০ মিটার এবং গভীরতা ১ দশমিক ৬০ মিটার। জব্দ তালিকায় বোটটির ইঞ্জিন নম্বর উল্লেখ করা হয়েছে ২০২১১১০৯৩০০। অন্যদিকে মেঘনা-৫-এর মালিক সুরেন্দ্র কুমার দাস (৭৫)।
এ ঘটনায় কোস্টগার্ড বাদি হয়ে মহিপুর থানায় নিয়মিত মামলা দায়ের করে। পরবর্তী সময়ে বোট দুটি কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামের জিম্মায় দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে সরেজমিনে বোট দুটি রাখার স্থানে গিয়ে শুধু মেঘনা-৫-এর সন্ধান পাওয়া যায়। সেখানে এফবি এলমা আক্তার-৪ ছিল না।
বিষয়টি জানতে বোটটির মালিক আবুল হোসেন কাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এফবি এলমা আক্তার-৪ বর্তমানে আলীপুরের কাজী ডকইয়ার্ডে রয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ডকইয়ার্ডে গিয়ে একটি আর্টিসানাল ট্রলিং বোট মেরামত করতে দেখা যায়।
অনুসন্ধানে দেখা যায়, ডকইয়ার্ডে থাকা বোটটির গায়ে মাত্র দুই দিন আগে রং দিয়ে এফবি এলমা আক্তার-৪ নাম লেখা হয়েছে। কিন্তু বোটটির ইঞ্জিন নম্বর ২০২৩জে০১৫০৬২। জব্দ তালিকায় উল্লেখিত ইঞ্জিন নম্বর ২০২১১১০৯৩০০-এর সঙ্গে এর কোনো মিল নেই। ফলে ডকইয়ার্ডে থাকা বোটটিই জব্দ করা সেই বোট কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ডকইয়ার্ডের মিস্ত্রি ইলিয়াস শিকদার জানান, সেখানে থাকা বোটটির প্রকৃত মালিক মীর মো. মিজানুর রহমান।
অন্যদিকে মালিকানা দাবি করে আবুল কোম্পানি বলেন, ‘ডকইয়ার্ডে থাকা বোটটি আমার। বোটটির ইঞ্জিন পরিবর্তন করা হয়েছে।’ তাঁর দাবি, নৌ পুলিশ বোটটি স্থানীয় মোস্তফা খলিফার জিম্মায় রেখে যায়। পরে তাঁর অনুমতি নিয়েই বোটটি ডকইয়ার্ডে নেওয়া হয়েছে।
মোস্তফা খলিফা জানান, কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামানের অনুমতি নিয়েই বোটটি ডকইয়ার্ডে পাঠানো হয়েছিল। তবে বোটটির ইঞ্জিন কিংবা অন্য কোনো মালামাল পরিবর্তনের বিষয়ে তিনি অবগত নন।
মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বলেন, ‘থানায় এ সংক্রান্ত একটি মামলা হয়েছে। মালামাল জব্দ কিংবা মামলার তদন্ত নৌ পুলিশই করছেন। এরপরের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, ‘জব্দ করা ট্রলিং বোট কোনোভাবেই ডকইয়ার্ডে কাজ করা কিংবা সাগরে মাছ শিকারে যাওয়ার সুযোগ নেই। এটি আইনবিরোধী।’
স্থানীয় জেলেদের দাবি, জব্দ করা দুটি বোটের মধ্যে এফবি এলমা আক্তার-৪ অর্থের বিনিময়ে সাগরে মাছ শিকারের সুযোগ পেয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় বোটটি কীভাবে ডকইয়ার্ডে গেল, কীভাবে এর ইঞ্জিন পরিবর্তন হলো এবং সেটি সাগরে মাছ ধরতে গেছে কি না, এসব প্রশ্নের জবাব চান তাঁরা।
মহিপুর থানা মৎস্যজীবী দলের সভাপতি মো. আফজাল মোল্লা বলেন, ‘একাধিক জেলের মাধ্যমে আমি নিশ্চিত হয়েছি, এফবি এলমা আক্তার-৪ বর্তমানে সমুদ্রে মাছ শিকারে রয়েছে। ওই ট্রলারের মাঝি শহিদুল ইসলামের মুঠোফোনও তিন দিন ধরে বন্ধ রয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি ট্রলার নিয়ে সমুদ্রে নেটওয়ার্কের বাইরে রয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। সরেজমিনে ফাঁড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। এ সময় ফাঁড়ির প্রধান ফটক তালাবদ্ধ ছিল। তাঁর মুঠোফোনে একাধিকবার কল এবং হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বরিশাল অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার মো. নাজমুল হক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিচ্ছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সেভ দ্য বে অব বেঙ্গলের সভাপতি মো. শহিদুল ইসলাম শাহীন বলেন, ‘সমুদ্রে অবৈধ পন্থায় মাছ শিকারের এমন ঘটনা আমরা প্রায়ই শুনতে পাই। টাকার প্রভাবে একটি কুচক্রী মহল কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাছ শিকার করছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা দরকার।’
স্থানীয় জেলে ও সচেতন মহলের দাবি, জব্দ করা বোটের বর্তমান অবস্থান, মালিকানা, ইঞ্জিন পরিবর্তন এবং সাগরে মাছ শিকারে যাওয়ার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা অর্থের বিনিময়ে বেআইনি সুবিধা দিয়ে থাকলে তাঁর বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।