
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা বাস টার্মিনালে মডার্ন পরিবহনের একটি বাস লক্ষ্য করে আগুনের বোতল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসটির একাংশ পুড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। গভীর রাতে এ ঘটনায় স্থানীয় বাসিন্দা, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে বাস টার্মিনালের বাইরে থেকে ভেতরে রাখা মডার্ন পরিবহনের বাসটি লক্ষ্য করে বোতল নিক্ষেপ করা হয়। এতে বাসটির একাংশে আগুন ধরে যায়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, আলীপুর, মহিপুর ও কুয়াকাটা অত্যন্ত শান্ত এলাকা। এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ভয়ের সৃষ্টি হয়েছে। এমন ঘটনা ঘটতে থাকলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা বিঘ্নিত হবে।
মহিপুর থানা বিএনপির দপ্তর সম্পাদক কাউসার মনির বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা বাস টার্মিনালের ভেতরে আগুনের বোতল নিক্ষেপ করে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে দ্রুত আলোচনায় বসে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। তবে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে।
মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার বলেন, তিনি বর্তমানে বরিশালে অবস্থান করছেন। তাঁর ভাষায়, এটি একটি গুপ্ত হামলা। এলাকায় ফিরে কুয়াকাটার নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করবেন। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিএনপিসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে তৎপর রয়েছেন।
এ বিষয়ে মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বলেন, এটি পেট্রোল বোমা নয়। বোতলের ভেতরে কেরোসিন ও কাপড় ব্যবহার করা হয়েছে। এটি বিস্ফোরিত হয় না, শুধু আগুন ধরে। নিক্ষেপ করা দুটি বোতলের মধ্যে একটিতে আগুন জ্বলছিল এবং অপরটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।