গৌরনদীতে ছাড়পত্র ছাড়াই লবণ কারখানা স্থাপনের অভিযোগ, জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে উদ্বেগ

হোম » বরিশাল » গৌরনদীতে ছাড়পত্র ছাড়াই লবণ কারখানা স্থাপনের অভিযোগ, জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে উদ্বেগ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬


 

গৌরনদীতে ছাড়পত্র ছাড়াই লবণ কারখানা স্থাপনের অভিযোগ, জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে উদ্বেগ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই লবণ কারখানা স্থাপনের অভিযোগ উঠেছে। উপজেলার দক্ষিণ-পশ্চিম আধুনা এলাকায় ‘মেসার্স বরিশাল সল্ট ইন্ডাস্ট্রিজ’ নামে কারখানাটিতে ইতোমধ্যে উৎপাদনের জন্য বিভিন্ন যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে। এতে জনস্বাস্থ্য, পরিবেশ ও কৃষি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, কারখানার ভেতরে শ্রমিকরা উৎপাদনের বিভিন্ন যন্ত্রপাতি স্থাপনের কাজ করছেন। প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র পাওয়ার আগেই কারখানার অবকাঠামো নির্মাণ ও উৎপাদনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

 

প্রাপ্ত নথিতে দেখা যায়, ‘মেসার্স বরিশাল সল্ট ইন্ডাস্ট্রিজ’ নামের প্রতিষ্ঠানটির ধরন প্রোপ্রাইটরশিপ। শিল্পের খাত খাদ্য ও খাদ্যজাত শিল্প এবং উপখাত লবণ শিল্প। তবে নথিতে প্রতিষ্ঠানটির নিবন্ধনের প্রকৃতি ‘প্রস্তাবিত’ উল্লেখ রয়েছে।

 

অভিযোগ রয়েছে, কারখানাটির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অনাপত্তি সনদ এবং পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র নেই। এসব গুরুত্বপূর্ণ অনুমোদন ছাড়াই উৎপাদনের যন্ত্রপাতি স্থাপন করা হচ্ছে।

 

স্থানীয়দের আশঙ্কা, যথাযথ পরিবেশগত সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত না করে কারখানাটি চালু করা হলে জনস্বাস্থ্য, পরিবেশ ও কৃষিজমির ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।

 

চন্দ্রহার বাজার কমিটির সভাপতি মোহাম্মদ সরোয়ার প্যাদা সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, অনুমোদনহীন লবণ কারখানা এলাকায় স্থাপন করা হলে মৎস্য ও কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে স্থানীয় কৃষক ও মৎস্যচাষিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।

 

কারখানার মালিকপক্ষের মুহাম্মদ বাবু বলেন, প্রয়োজনীয় কাগজপত্রের জন্য আবেদন করা হয়েছে। সময় হলে সব কাগজপত্র পাওয়া যাবে। তবে অনুমোদন ও ছাড়পত্র পাওয়ার আগেই কারখানার কাজ চলমান থাকার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

 

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম জানান, কারখানাটির ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেই। অনুমোদনবিহীন অবস্থায় কারখানার কার্যক্রম কীভাবে চলছে, তা তদন্ত করে দেখা হবে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

স্থানীয় বাসিন্দা মো. মতলেবসহ সচেতন মহলের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত তদন্ত করে কারখানাটির নিবন্ধন, ফায়ার সার্ভিসের অনাপত্তি সনদ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র যাচাই করা হোক। প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কারখানার কার্যক্রম পরিচালিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

বাংলাদেশ সময়: ১১:০৫:৫০ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ