
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটিতে ৪৫ পিস ইয়াবা ও গাঁজাসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ও রাতে উপজেলার সুবিদপুর ও কুশঙ্গল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নলছিটি পৌর এলাকার নান্দিকাঠি গ্রামের মো. হেমায়েত উদ্দিন হাওলাদারের ছেলে সাব্বির হোসেন (২৬), জামুরা গ্রামের বাবুল হাওলাদারের ছেলে জসিম উদ্দিন (২৭), মুলাদী উপজেলার উত্তর পাথরচর গ্রামের আনসার উদ্দিন বেপারীর ছেলে মজিদ উদ্দিন ব্যাপারী (৩২), খুলনা কোতোয়ালি থানার দারোগাপাড়ার আব্দুল খালেক হাওলাদারের ছেলে মো. সুমন হাওলাদার এবং শেরপুরের নকলা থানার খারজান গ্রামের মো. নুরুজ্জামান মীরের ছেলে মো. আকাশ মীর।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার নলছিটি থানা পুলিশের দুটি দল পৃথক অভিযান চালায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের একটি সেতুর ওপর থেকে সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
একই দিন রাত সোয়া ৮টার দিকে পুলিশের অপর একটি দল কুশঙ্গল ইউনিয়নের সৈয়র গ্রামের টাকবাজার এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে পাঁচ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরে ওই এলাকা থেকে গাঁজাসহ মজিদ উদ্দিন ব্যাপারী, মো. সুমন হাওলাদার ও মো. আকাশ মীরকে গ্রেপ্তার করা হয়।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী পুলিশের অভিযান অব্যাহত থাকবে।