
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের ডাকা ধর্মঘট সফল করতে বরগুনার আমতলীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা, কলেজ ও মহাসড়কে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। সোমবার দিবাগত গভীর রাতে এসব ঘটনা ঘটে। তবে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া টিয়াখালী কলেজে ব্যানার টানিয়ে তালা দেওয়ার ঘটনাও ঘটেছে।
অন্যদিকে, ছাত্রলীগের ডাকা ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি আমতলীতে। মঙ্গলবার সরকারি-বেসরকারি অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। এদিন দুপুর আড়াইটা পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জানা গেছে, দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয় নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগ। ধর্মঘটের আহ্বানে শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা, আদালত, সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখার কথা বলা হয়। পাশাপাশি সড়কে বাস-ট্রাক ও রেল চলাচল বন্ধ রাখারও ঘোষণা দেওয়া হয়।
কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মতিন খাঁন সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচি পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান। এর পরই সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা, টিয়াখালী কলেজ এবং আমতলী-কুয়াকাটা মহাসড়কের ফকিরবাড়ী এলাকায় আগুন দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে আগুন দেওয়ার ঘটনা এবং কলেজে ব্যানার টানিয়ে তালা দেওয়ার ভিডিও মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
কল্যাণপুর শাখার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক দেবরাজ পাল বলেন, কাজ শেষে তাঁরা অফিস থেকে চলে যান। পরে গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের সামনে আগুন দেয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন তাঁরা।
টিয়াখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খালেদ মোশাররফ সোহেল কলেজে তালা ও আগুন দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।