কাউখালীতে শ্রীগুরু সংঘের উৎসব পরিচালনায় ইউএনওকে আহ্বায়ক করে কমিটি

হোম » পিরোজপুর » কাউখালীতে শ্রীগুরু সংঘের উৎসব পরিচালনায় ইউএনওকে আহ্বায়ক করে কমিটি
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬


 

কাউখালীতে শ্রীগুরু সংঘের উৎসব পরিচালনায় ইউএনওকে আহ্বায়ক করে কমিটি

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

 

পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ১৩৫তম আবির্ভাব উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিবদমান দুই পক্ষের সঙ্গে আলোচনা করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।

 

সোমবার বিকেলে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দুই পক্ষের প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় ইউএনওকে আহ্বায়ক এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়। এতে বিবদমান দুই পক্ষের পাঁচজন করে প্রতিনিধিকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

 

গঠিত কমিটি আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া শ্রীগুরু সংঘের পাঁচ দিনব্যাপী আবির্ভাব উৎসব পরিচালনার দায়িত্ব পালন করবে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছে।

 

সভায় পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের নেতারা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা ধর্মগুরু শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম আবির্ভাব উপলক্ষে কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমে পাঁচ দিনব্যাপী বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হবে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এ আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৫:০৬:৩০ ● ৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ