ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে সাড়ে চার লাখ টাকাসহ নিখোঁজ ফিলিং স্টেশন সুপারভাইজার

হোম » বরিশাল » ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে সাড়ে চার লাখ টাকাসহ নিখোঁজ ফিলিং স্টেশন সুপারভাইজার
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬


 

ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে সাড়ে চার লাখ টাকাসহ নিখোঁজ ফিলিং স্টেশন সুপারভাইজার

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে সাড়ে চার লাখ টাকাসহ নিখোঁজ হয়েছেন আশোকাঠী ফিলিং স্টেশনের সুপারভাইজার মো. মহিউদ্দিন তালুকদার (২৮)। সোমবার (৯ নভেম্বর) দুপুর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

 

ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জাহিদ হোসেন জানান, রোববার বেলা ৩টার দিকে প্রতিষ্ঠানের ৪ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা গৌরনদী উপজেলা পরিষদ সংলগ্ন মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকে জমা দিতে মোটরসাইকেল নিয়ে বের হন মহিউদ্দিন। এরপর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

পরবর্তী সময়ে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে আশোকাঠী মোহন লাল সাহার বাড়িসংলগ্ন রাস্তার পাশ থেকে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে রাত সাড়ে ১২টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

স্থানীয়রা জানান, মহিউদ্দিন অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের মানুষ। তিনি আশোকাঠী ফিলিং স্টেশনে দায়িত্বশীল সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর আকস্মিক নিখোঁজের ঘটনায় পরিবার ও সহকর্মীদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

 

এ ঘটনায় ওই দিন রাতে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, নিখোঁজ মহিউদ্দিনকে উদ্ধার এবং ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪২:২০ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ