
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় দুই রাতে ধারাবাহিক নাশকতা ও সহিংসতার ঘটনায় জেলাজুড়ে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিআরটিসি বাসে অগ্নিসংযোগ, পৌর কার্যালয়ের সামনে সরকারি গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ, সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ এবং অন্তত ৩০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বাদ যায়নি শিক্ষাপ্রতিষ্ঠানও। প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়ে বিভিন্ন স্থানে ব্যানার সাঁটানো হয়েছে। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনার সূত্রপাত ৯ নভেম্বর ভোররাতে। বরগুনা জেলা পুলিশ লাইন্সের সামনে পার্কিং করে রাখা একটি বিআরটিসি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পুলিশ সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এরপর ১০ নভেম্বর মধ্যরাতে বেতাগী উপজেলা পরিষদ ভবনের প্রধান ফটকে শিকল দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের নামসংবলিত একটি চিঠি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পাওয়া যায়।
একই রাতে বেতাগী পৌরসভা কার্যালয় ও বাসস্ট্যান্ড এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পৌর কার্যালয়ের সামনে রাখা একটি সরকারি গাড়িতে আগুন দেওয়া হয়। একই রাতে অপর একটি বাসেও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।
এদিকে বেতাগী উপজেলা পরিষদ, বেতাগী সরকারি কলেজ, বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ, পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, পাথরঘাটা সরকারি কলেজ, পাথরঘাটা ডিগ্রি কলেজ, বামনার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বরগুনা জিলা স্কুলসহ জেলার অন্তত ৩০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
প্রতিষ্ঠানে তালা দেওয়ার পাশাপাশি বরগুনা-বরিশাল মহাসড়ক, আমতলী-কুয়াকাটা মহাসড়ক, পাথরঘাটা-মঠবাড়িয়া ও কাকচিঁড়া-পাথরঘাটা আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করা হয়। এসব কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এদিকে বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদারের নাম ব্যবহার করে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যানার সাঁটানোর ঘটনা সামনে এসেছে। ওই ব্যানারে লেখা হয়, ‘সাময়িকভাবে আপনার প্রতিষ্ঠান বন্ধ রেখে দেশ মেরামতের কাজে আমাদের সহযোগিতা করুন।’ এ ছাড়া ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে আসবে, জনে জনে খবর দে, শেখের বেটি আইতেছে’ এমন স্লোগানও প্রচার করা হয়।
এসব ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বরগুনা জেলা স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক মো. নাসির উদ্দিন বলেন, ‘রাজনৈতিক কর্মসূচি যার যার বিষয়। কিন্তু শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা কোনো রাজনৈতিক দলের সম্পত্তি হতে পারে না। শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাব ও বাধা থেকে মুক্ত রেখে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করাই সবচেয়ে জরুরি।’
বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান বলেন, পুলিশ ঘটনাস্থল ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছে। বর্তমানে সব প্রতিষ্ঠানের তালা খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।