বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা

হোম » বরিশাল » বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬


বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানাসাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

চোখের সমস্যা ও মাথাব্যথা নিয়ে চিকিৎসা নিতে গিয়ে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ করেছেন সালেহা বেগম। বরিশালের বাবুগঞ্জ উপজেলার কলেজ গেট এলাকার একটি ফার্মেসিতে ল্যাপটপ ও বিশেষ ডিভাইসের সাহায্যে রোগ নির্ণয়ের দাবি করা এক ব্যক্তির কাছে চিকিৎসা নেন তিনি। পরে জানতে পারেন, চিকিৎসক পরিচয় দেওয়া ওই ব্যক্তির যোগ্যতার কাগজপত্র ভুয়া।

 

ওই ব্যক্তির নাম আলীমুল ইসলাম (৪৮)। চিকিৎসক পরিচয়ে প্রায় ১৫ বছর ধরে বরিশাল সদর, উজিরপুর ও বাবুগঞ্জের বিভিন্ন এলাকায় রোগী দেখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। রবিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে বাবুগঞ্জের কলেজ গেট এলাকার এনএমএস ফার্মেসিতে রোগী দেখার সময় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম ও কাগজপত্র জব্দ করা হয়।

 

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আলীমুল ইসলাম ব্যবস্থাপত্রে নিজের নামের আগে ‘ডা.’ লিখতেন। সেখানে এমবিইএইচ (ভারত), ডিএমএফ (ঢাকা) এবং কলকাতার এনআরএস মেডিকেল কলেজে প্রশিক্ষণ নেওয়ার তথ্য উল্লেখ ছিল। মেডিসিন, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগের চিকিৎসায় অভিজ্ঞ বলেও দাবি করতেন তিনি।

 

ল্যাপটপ ও বিশেষ ডিভাইস ব্যবহার করে রোগ নির্ণয়ের দাবি করে রোগীদের চিকিৎসা দিতেন আলীমুল ইসলাম। তাঁর যোগ্যতার কাগজপত্র যাচাই করে সেগুলো ভুয়া বলে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

 

খবর পেয়ে রবিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) তামিম মল্লিক ও মেডিকেল অফিসার তূর্য অধিকারী উপস্থিত ছিলেন।

 

মেডিকেল অফিসার তূর্য অধিকারী বলেন, খবর পেয়ে ইউএনওর সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আলীমুল ইসলামের কাগজপত্র যাচাই করা হয়। তাঁর দেখানো কাগজপত্র ভুয়া বলে প্রমাণ পাওয়া গেছে। চিকিৎসার নামে প্রতারণার বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

 

ইউএনও আসমা উল হুসনা বলেন, চিকিৎসক না হয়েও চিকিৎসক পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগে অভিযান চালানো হয়। আলীমুল ইসলাম বৈধ যোগ্যতার কাগজপত্র দেখাতে পারেননি। প্রায় ১৫ বছর ধরে এভাবে প্রতারণা করে আসছেন বলে তিনি স্বীকার করেছেন।

 

ইউএনও আরও বলেন, তাঁকে প্রথমবারের মতো ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে চিকিৎসাসংক্রান্ত কোনো কার্যক্রমে জড়িত না হওয়ার শর্তে তাঁকে কারাদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযানে চিকিৎসায় ব্যবহৃত ডিভাইস ও ভুয়া কাগজপত্র জব্দ করা হয়।

 

আলীমুল ইসলাম বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার আব্দুল আলী হাওলাদারের ছেলে। তাঁর জাতীয় পরিচয়পত্র থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩:০১:৫৮ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ