পটুয়াখালীতে ইপিজেডের ফটকের সামনে যুবকের মরদেহ উদ্ধার

হোম » পটুয়াখালী » পটুয়াখালীতে ইপিজেডের ফটকের সামনে যুবকের মরদেহ উদ্ধার
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬


 

পটুয়াখালীতে ইপিজেডের ফটকের সামনে যুবকের মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীতে নির্মাণাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) প্রধান ফটকের সামনে থেকে আব্বাস সিকদার (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, এলাকায় বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

শনিবার (১০ অক্টোবর) রাত ২টার দিকে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নির্মাণাধীন ইপিজেডের প্রধান ফটকের সামনের মহাসড়কের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় একটি মারামারির ঘটনার পর গত দুই দিন ধরে বাড়িতে ছিলেন না আব্বাস। শুক্রবার রাতে এক অটোরিকশাচালক তাঁর চাচা শাহজালালকে ফোন করে জানান, ইপিজেডের সামনে আব্বাস অসুস্থ অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ দেখতে পান।

 

নিহত আব্বাস আউলিয়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পচাকোড়ালিয়া গ্রামের মো. রফিক সিকদারের ছেলে। তিনি আগে কলেজে পড়াশোনা করলেও বর্তমানে কোনো পেশার সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানা গেছে।

 

আব্বাসের বাবা রফিক সিকদার বলেন, আমি এলাকায় মেম্বার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলাম। ফেসবুকে এ-সংক্রান্ত পোস্টার দেওয়ার পর শত্রুতা বেড়ে যায়। এলাকার একটি পক্ষের সঙ্গে আমার ছেলের দ্বন্দ্ব ছিল। পরিকল্পিত হত্যার এ ঘটনায় আমি জড়িত ব্যক্তিদের বিচার চাই।

 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ৯:১৮:৩৭ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ