বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মূর্তি উদ্ধার: গ্রেপ্তার ১

হোম » খুলনা » বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মূর্তি উদ্ধার: গ্রেপ্তার ১
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬


 

বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মূর্তি উদ্ধার: গ্রেপ্তার ১

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাটের চিতলমারীতে সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে ভাঙচুর করে মা মারিয়ার মূর্তি পাশের পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মো. ফায়জুল শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চার্চের পাশের পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।

 

পুলিশ জানায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চিতলমারী উপজেলার নতুন কালশিরা গ্রামে অবস্থিত সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের বারান্দায় থাকা কাঁচের বক্স ভাঙচুর করেন ফায়জুল শেখ। পরে বক্সের ভেতরে সংরক্ষিত মা মারিয়ার মূর্তিটি নিয়ে পাশের পুকুরে ফেলে দেন তিনি।

 

এ ঘটনায় চার্চের সভাপতি পিটার শংকর ব্রহ্ম বাদী হয়ে চিতলমারী থানায় মামলা করেন।

 

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযান চালিয়ে ফায়জুল শেখকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চার্চের পশ্চিম পাশের পুকুরে তল্লাশি চালানো হয়। পরে পানির নিচ থেকে মা মারিয়ার মূর্তিটি উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার ফায়জুল শেখ চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের সোহরব শেখের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে। উদ্ধার করা মূর্তিটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ফায়জুল শেখকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৪১ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ