বামনার সাবেক উপজেলা চেয়ারম্যান লিটু মৃধা ঢাকায় আটক

হোম » বরগুনা » বামনার সাবেক উপজেলা চেয়ারম্যান লিটু মৃধা ঢাকায় আটক
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬


 

বামনার সাবেক উপজেলা চেয়ারম্যান লিটু মৃধা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধাকে ঢাকার মিরপুর থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে মিরপুরের কলওয়ালাপাড়া জামে মসজিদ থেকে এশার নামাজ শেষে বের হওয়ার সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন তার স্বজনেরা।

 

স্বজনদের দাবি, গত ৫ আগস্টের পর থেকে ঢাকায় অবস্থান করছিলেন লিটু মৃধা। বৃহস্পতিবার রাতে এশার নামাজ আদায়ের জন্য তিনি কলওয়ালাপাড়া জামে মসজিদে যান। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় সাদা পোশাকে থাকা ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করে নিয়ে যান।

 

স্বজনরা জানান, লিটু মৃধা শারীরিকভাবে অসুস্থ। গত দুই বছর ধরে তিনি কোনো দলীয় কর্মকাণ্ডে অংশ নেননি। তার বিরুদ্ধে বরগুনা সদর উপজেলায় একটি মামলা রয়েছে। মামলাটির বাদী বাদল নামের এক ব্যক্তি বলে তারা জানিয়েছেন।

 

দলীয় সূত্রে জানা গেছে, সাইতুল ইসলাম লিটু মৃধা বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান এবং বামনা উপজেলা পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

ঢাকা ডিবি পুলিশের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, লিটু মৃধাকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। তবে ঢাকায় তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

এদিকে লিটু মৃধাকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা তার মুক্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫:১৬:০৭ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ