বোরহানউদ্দিনে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

হোম » ভোলা » বোরহানউদ্দিনে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬


 

বোরহানউদ্দিনে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

সাগরকন্যা প্রতিবেদক, বোরহানউদ্দিন (ভোলা)

 

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা, পৌর, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডোবা, মজা পুকুর ও আশপাশের এলাকা পরিষ্কারের পাশাপাশি মশকবিরোধী ওষুধ ছিটানো এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরিচ্ছন্নতা শেষে এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করেন নেতাকর্মীরা।

 

অভিযানকালে পৌর ভবনের বিপরীত পাশে থাকা মজা পুকুর ও এর আশপাশের সড়ক, ড্রেন এবং জমে থাকা কচুরিপানা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়।

 

উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ৩ নম্বর ওয়ার্ড এলাকা পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছি। ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়, সামাজিক সচেতনতা ও নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা সবচেয়ে জরুরি। ছাত্রদল সাধারণ মানুষের পাশে থেকে সচেতনতা সৃষ্টি ও সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে সব সময় মাঠে থাকবে।’

 

এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৩৮ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ