গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা; অভিযুক্ত গ্রেপ্তার

হোম » বরিশাল » গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা; অভিযুক্ত গ্রেপ্তার
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬


 

গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা; অভিযুক্ত গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে দুই বন্ধু কৌশলে ঘরে ঢুকে দুই সন্তানের জননী এক গৃহবধূকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগে অপর এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছেন ওই গৃহবধূ। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে করা মামলায় খায়রুল আকন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর অভিযুক্ত ইসলাম বালী (২৪) পলাতক রয়েছেন।

 

বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার শরিকল ইউনিয়নের বেতগর্ভ গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই গৃহবধূ ঘরের বাইরে যান। এ সময় তাঁর স্বামী বাড়িতে না থাকার সুযোগে একই গ্রামের খায়রুল আকন ও ইসলাম বালী কৌশলে ঘরে ঢুকে অবস্থান নেন। গৃহবধূ ঘরে ফিরে বিছানায় ঘুমাতে গেলে খায়রুল তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

 

পরে ইসলামও ধর্ষণের চেষ্টা চালালে ওই গৃহবধূ তাঁকে কুপিয়ে আহত করেন বলে পুলিশ জানিয়েছে।

 

খবর পেয়ে শুক্রবার সকালে শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযান চালিয়ে খায়রুল আকনকে গ্রেপ্তার করেন। তবে ইসলাম বালী পালিয়ে যান।

 

এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় খায়রুল আকন ও ইসলাম বালীকে আসামি করা হয়েছে।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার খায়রুলকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পলাতক ইসলাম বালীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

 

তিনি জানান, ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:১৭:৪৮ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ