ভীমরুলীর ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত

হোম » ঝালকাঠী » ভীমরুলীর ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত
রবিবার ● ৯ আগস্ট ২০২৬


 

ভীমরুলীর ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

 

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রবিবার (৯ আগস্ট) সকালে নৌকায় করে ভাসমান হাট ঘুরে তিনি পেয়ারার বেচাকেনা, স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের কর্মব্যস্ততা এবং হাটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এ সময় তিনি স্থানীয় পেয়ারার স্বাদও নেন।

সকাল ৯টার দিকে ভীমরুলীর ভাসমান হাটে পৌঁছালে অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ছোট নৌকায় করে ভাসমান হাট পরিদর্শন করেন তিনি।

নৌকায় বসে রাষ্ট্রদূত ভাসমান হাটে পেয়ারার বেচাকেনা ও পরিবহন কার্যক্রম প্রত্যক্ষ করেন। পাশাপাশি হাটের আশপাশের সবুজ-শ্যামল পরিবেশ, খাল-বিল ও পেয়ারা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এ সময় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ভীমরুলীর বিখ্যাত পেয়ারার স্বাদ নেন।

কিছুক্ষণ হাট পরিদর্শন শেষে ট্রলারযোগে পিরোজপুরের আটঘর-কুড়িয়ানার উদ্দেশে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তাঁর সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছিলেন।

ভ্রমণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট ভ্রমণ তিনি বেশ উপভোগ করেছেন। এখানকার সবুজে ঘেরা মনোরম পরিবেশ তাঁকে অভিভূত করেছে। বাংলাদেশের গ্রামীণ জীবন, স্থানীয় মানুষের কর্মব্যস্ততা ও প্রাকৃতিক সৌন্দর্য কাছ থেকে দেখার সুযোগ পেয়ে তিনি আনন্দিত বলেও জানান।

মার্কিন রাষ্ট্রদূতের সফরকে ঘিরে ভীমরুলীর পেয়ারা চাষি, ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৪:০৮:৫৬ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ