
সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)
বরগুনার বেতাগীতে ঘরে ঢুকে এক বিধবা গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোসা. রুমা বেগম (৪৫) বাদী হয়ে বেতাগী থানায় রবিবার (২ আগস্ট) লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ঝোপখালী গ্রামের একই বাড়ির বাসিন্দা সুলতান হোসেন বিভিন্ন সময়ে রুমা বেগমকে কুপ্রস্তাব ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। রুমা ওই প্রস্তাবে রাজি না হওয়ায় সুলতান ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় সুলতান জোরপূর্বক রুমা বেগমের বসতঘরে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে। এর প্রতিবাদ করলে সুলতান ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন লাঠিসোঁটা নিয়ে রুমার ওপর হামলা চালান। এ সময় তাঁকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে অভিযোগ।
রুমার ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রুমা বেগম অভিযোগ করেন, সুলতান ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে তাঁকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছেন। ঘটনার দিন তাঁরা তাঁর ঘরে ঢুকে শারীরিকভাবে নির্যাতন এবং শ্লীলতাহানির চেষ্টা করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং নিরাপদে বসবাসের নিশ্চয়তা দাবি করেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত সুলতান হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।
এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-আর-রশিদ হাওলাদার বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’