গৌরনদীতে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, যুবদল কর্মীর বিরুদ্ধে অভিযোগ

হোম » বরিশাল » গৌরনদীতে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, যুবদল কর্মীর বিরুদ্ধে অভিযোগ
শনিবার ● ৮ আগস্ট ২০২৬


 

গৌরনদীতে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, যুবদল কর্মীর বিরুদ্ধে অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বরিশালের গৌরনদীতে এক নারীকে জোরপূর্বক অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল কর্মীর বিরুদ্ধে। ঘটনার ৫৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিল্বগ্রাম এলাকার। অভিযুক্ত শাহিন মৃধা মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

একাধিক স্থানীয় সূত্রের ভাষ্য, প্রায় এক মাস আগে শাহিন মৃধা ও তাঁর সহযোগীরা বিল্বগ্রাম এলাকার একটি বসতঘর থেকে ওই নারীকে এক যুবকের সঙ্গে আটক করেন। পরে ওই নারীকে যৌন হয়রানি করার পাশাপাশি জোরপূর্বক ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই নারী নিজের ওড়না দিয়ে শরীর ও মুখ ঢেকে রাখার চেষ্টা করছেন। এ সময় শাহিন তাঁর শরীরের ওপর থেকে ওড়না সরিয়ে দিয়ে অর্ধউলঙ্গ অবস্থায় ভিডিও ধারণ করছেন। ভিডিওতে ওই নারীকে হেনস্তা করার দৃশ্যও দেখা গেছে।

 

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শাহিন মৃধা এলাকা ছেড়ে আত্মগোপনে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

গৌরনদী উপজেলা যুবদলের সদস্যসচিব মনির হোসেন আকন বলেন, ‘বিষয়টি খোঁজখবর নেওয়ার জন্য ঘটনাস্থল পরিদর্শন করা হবে। কোন প্রেক্ষাপটে ভিডিওটি ধারণ করা হয়েছে, তা জেনে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ২০:০২:৪৫ ● ১৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ