
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
গ্রামের নাম, হাট কিংবা স্টেশনের নামের সঙ্গে জড়িয়ে থাকে স্থানীয় ইতিহাস ও প্রকৃতির স্মৃতি। সময়ের ব্যবধানে সেই ঐতিহ্যের অনেকটাই হারিয়ে গেছে। এখন অনেক জায়গার নাম বকুলতলা হলেও নেই বকুলগাছ, তালতলায় নেই তাল, বেলতলায় নেই বেলগাছ। হারিয়ে যাওয়া সেই পরিচয় ও ঐতিহ্য ফিরিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরিশালের বাবুগঞ্জ উপজেলা কৃষি বিভাগ।
উদ্যোগের আওতায় যে স্থান যে নামে পরিচিত, সেখানে সেই নামের গাছ রোপণ করা হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে নতুন প্রজন্মও জানতে পারবে এলাকার নামের সঙ্গে জড়িয়ে থাকা প্রকৃতির ইতিহাস।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বকুলতলা স্টেশনে ২০টি বকুল গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। চারাগুলো সুরক্ষিত রাখতে বাঁশের খুঁটি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি বিভাগ জানায়, এটি কর্মসূচির প্রথম ধাপ। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় নামের সঙ্গে সামঞ্জস্য রেখে গাছ লাগানো হবে। বাদামতলায় বাদামগাছ, ফুলতলায় বিভিন্ন প্রজাতির ফুলগাছ, রেইনট্রিতলায় রেইনট্রি, তালতলায় তালগাছ, বটতলায় বটগাছ, বেলতলায় বেলগাছ, নিমতলায় নিমগাছ এবং কাঠালতলায় কাঠালগাছ রোপণ করা হবে।
উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় ২০টি স্থান বা স্টেশনে এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি বিভাগের মতে, এটি শুধু বৃক্ষরোপণ নয়, স্থানীয় ইতিহাস, সংস্কৃতি ও পরিবেশকে এক সুতোয় বেঁধে রাখার একটি প্রয়াস।
বৃহস্পতিবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা সুমন হোসেন, রফিকুল ইসলাম, রাইসুল ওমরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, ‘আমাদের উপজেলা থেকে এই ব্যতিক্রমী উদ্যোগটি দেশব্যাপী ছড়িয়ে পড়বে বলে আশা করছি। কৃষি বিভাগের এমন উদ্যোগ সফল করতে উপজেলা প্রশাসনের সহায়তা অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, দেশের অন্যান্য এলাকাতেও এমন উদ্যোগ নেওয়া হলে শুধু সবুজায়নই নয়, স্থানীয় ইতিহাস ও ভূ-নামের সঙ্গে হারিয়ে যাওয়া প্রকৃতির সম্পর্কও নতুন করে জীবন্ত হয়ে উঠবে।