
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
সারাদেশে গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় পিরোজপুর শহরের সি-অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে ১১ দলীয় জোটের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক আবু সাঈদের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি হস্তান্তর করে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি সোহরাব হোসাইন জুয়েল, পৌর শাখার সভাপতি ইসহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমীন সেখ এবং জামায়াত ও শরিক ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্মারকলিপিতে দেশের চলমান গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, অতিরিক্ত ও ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয় তুলে ধরা হয়। একই সঙ্গে এসব সমস্যা দ্রুত সমাধানে সরকারের কার্যকর ও জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
বিক্ষোভে অংশ নেওয়া নেতারা বলেন, জ্বালানি সংকট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।