ভুয়া সেনা পরিচয়পত্রে ডাকাতির দাবি, তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে এসপির কাছে লিখিত অভিযোগ

হোম » লিড নিউজ » ভুয়া সেনা পরিচয়পত্রে ডাকাতির দাবি, তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে এসপির কাছে লিখিত অভিযোগ
মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬


 

ভুয়া সেনা পরিচয়পত্রে ডাকাতির দাবি, তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে এসপির কাছে লিখিত অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে সংঘবদ্ধ ডাকাতির অভিযোগের সুষ্ঠু তদন্ত না হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. মিজানুর রহমানের বিরুদ্ধে পটুয়াখালীর পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আহত মাহাবুব আলম মাতুব্বর জাকির। একই সঙ্গে তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

 

লিখিত অভিযোগে মাহাবুব আলম মাতুব্বর জাকির বলেন, ডাকাতির সময় হামলাকারীরা নিজেদের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে ভুয়া পরিচয়পত্র প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে। বিষয়টি তিনি মৌখিকভাবে পুলিশকে জানালেও তদন্ত কর্মকর্তা তা আমলে নেননি। বরং ডাকাতির ঘটনাকে চুরির ঘটনা হিসেবে উপস্থাপন করে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উপেক্ষা করা হয়েছে এবং ডাকাতির অভিযোগসংক্রান্ত বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ভোর সাড়ে ৫টার দিকে প্রতিবেশী মো. নাদিম তালুকদার (২৩) ও অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জন দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বসতবাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মাহাবুব আলম মাতুব্বর জাকিরকে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে রক্ষা করতে গেলে লিমা বেগম ও নুসরাত জাহানও আহত হন।

 

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা লিমা বেগমের গলায় থাকা প্রায় ১ ভরি স্বর্ণের চেইন, ২ দশমিক ৫ ভরি স্বর্ণের রুলি এবং মাহাবুব আলম মাতুব্বর জাকিরের কাছে থাকা তরমুজ বিক্রির নগদ ১ লাখ ৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়। লুট হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ অর্থের মোট মূল্য প্রায় ৭ লাখ ৬ হাজার টাকা। এছাড়া ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে এ ঘটনায় মামলার বাদী মো. তাইফুর মাতুব্বর (২৬) কলাপাড়া থানায় মামলা নং-১৩, তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ দায়ের করেন। মামলাটি বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭ ও ৫০৬(২) ধারায় রুজু করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয় কলাপাড়া থানার সাব-ইন্সপেক্টর মো. মিজানুর রহমানকে।

 

এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

তবে পুলিশ জানিয়েছে, অভিযোগ ও পাল্টা অভিযোগসহ মামলার সব বিষয় নিরপেক্ষভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ৬:৪৯:৫৪ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ