প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি: খাঞ্জাপুরে ১ হাজার ফলজ চারা বিতরণ

হোম » বরিশাল » প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি: খাঞ্জাপুরে ১ হাজার ফলজ চারা বিতরণ
শনিবার ● ১১ জুলাই ২০২৬


খাঞ্জাপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ১ হাজার ফলজ চারা বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে ১ হাজার ফলজ গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে কমলাপুর গ্রামের তুলাতলা বাজারে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় ফলজ, বনজ এবং ঔষধি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়।

এগ্রিকালচারিস্টস’ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে কৃষিবিদ মো. ফেরদৌস হাওলাদার এবং ইতালি প্রবাসী বিএনপি নেতা মো. গোলাম কিবরিয়া তালুকদারের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে প্রায় ১ হাজার আম, বরই ও আমড়াসহ বিভিন্ন জাতের ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।

ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি-প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে চারা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং পরিবেশ সংরক্ষণে নিজেদের সম্পৃক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করে।

আয়োজকরা জানান, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি সবুজ ও পরিবেশবান্ধব ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে আম, কাঁঠাল, কৃষ্ণচূড়া, তাল, বরই, নিম, বকুল, নারিকেল, জলপাই ও আমড়াসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। কমলাপুরের তুলাতলা বাজারে প্রতীকীভাবে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ কর্মসূচি বাস্তবায়নে প্রবাসী বিএনপি নেতা মাইনুল ইসলাম মানু, হায়দার তালুকদার, রেজাউল শিকদার, নুর ইসলাম তালুকদার, শামীম হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করেন।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:১০:০১ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ