প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে বানারীপাড়ায় বিএনপির প্রস্তুতি সভা

হোম » বরিশাল » প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে বানারীপাড়ায় বিএনপির প্রস্তুতি সভা
শনিবার ● ১১ জুলাই ২০২৬


প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে বানারীপাড়ায় বিএনপির প্রস্তুতি সভা

সাগরকন্যা প্রতিবেদক, বানারীপাড়া (বরিশাল)

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে বানারীপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার (১১ জুলাই) সকালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির নেতারা প্রধানমন্ত্রীর আগমনকে সফল ও সার্থক করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

সভাটি সকাল ১০টায় বানারীপাড়া বন্দর বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টু সরদারের সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিয়া। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বরিশালে প্রথম আগমনকে স্মরণীয় করে তুলতে দলীয় নেতাকর্মীরা সর্বাত্মকভাবে কাজ করবেন। সফর সফল করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ এবং সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকার ওপর তারা গুরুত্বারোপ করেন। সভায় সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীর আগমন সাফল্যমণ্ডিত করতে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আহসান কবির নান্না হাওলাদার ও হানিফ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান, সহ-সাধারণ সম্পাদক কাজী বসির, মহিলা দলের সভানেত্রী ডেইজি বেগম, পৌর বিএনপির সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের সভাপতি ছাব্বির হোসেন সুমন হাওলাদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ ফকির, উপজেলা শ্রমিকদলের সম্রাট তালুকদার, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জকু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন।

সভায় বক্তারা আরও বলেন, সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টু সরদারের নেতৃত্বে বানারীপাড়ার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করতে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৭:৩১ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ