আগৈলঝাড়ায় গভীর রাতে শীতলা ও কালীমন্দিরে চুরি

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় গভীর রাতে শীতলা ও কালীমন্দিরে চুরি
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬


 

আগৈলঝাড়ায় গভীর রাতে শীতলা ও কালীমন্দিরে চুরি

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গভীর রাতে একটি শীতলা ও কালীমন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের দরজা ও স্টিলের ট্রাঙ্ক ভেঙে নগদ টাকা, পিতলের ঘণ্টাসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মন্দিরের সভাপতি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার সার্বজনীন শীতলা ও কালীমন্দিরের লোহার দরজার রড ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে মন্দিরের স্টিলের ট্রাঙ্ক ভেঙে নগদ টাকা ও বিভিন্ন পূজার সামগ্রী চুরি করে নিয়ে যায়।

 

স্থানীয় মিলন দত্ত জানান, সোমবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে তিনি দরজার রড ও ভেতরে থাকা স্টিলের ট্রাঙ্ক ভাঙা অবস্থায় দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানান।

 

মন্দিরের সভাপতি নিখিল দাস জানান, পতিহার সড়কের পাশে অবস্থিত মন্দিরটির আশপাশে কোনো বসতবাড়ি নেই। দুর্বৃত্তরা মন্দিরের লোহার দরজা ও স্টিলের ট্রাঙ্ক ভেঙে নগদ টাকা, প্রায় ১০ কেজি ওজনের পিতলের ঘণ্টা, কাঁসা ও পিতলের কলসি, থালা, ঝুড়ি, বাটি, গ্লাস, পাঁজাল, প্রদীপ এবং দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

 

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, মন্দিরে চুরির খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:১৩:১৭ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ