
সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি
ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চোখ পরীক্ষা, চশমা প্রদান, ছানি অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
সোমবার সকালে ঝালকাঠি সরকারি কলেজ প্রাঙ্গণে ক্যাম্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
স্বেচ্ছাসেবী সংস্থা সাজিদা ফাউন্ডেশন ভিশন স্প্রিং ও গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করে। এখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ৩৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী চশমা প্রদান, ছানি রোগীদের অস্ত্রোপচার, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ দেওয়া হচ্ছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ কার্যক্রম।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবির এবং সাজিদা ফাউন্ডেশনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফজলুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। অর্থের অভাবে যেন দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, এ ধরনের বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে চোখের বিভিন্ন রোগ শনাক্ত, প্রয়োজনীয় চিকিৎসা, চশমা প্রদান ও ছানি অস্ত্রোপচারের সুযোগ তৈরি হচ্ছে। এসব উদ্যোগ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।