নেছারাবাদে ১০২ পূজামন্দিরে প্রধানমন্ত্রীর অনুদান ও উপহার বিতরণ

হোম » পিরোজপুর » নেছারাবাদে ১০২ পূজামন্দিরে প্রধানমন্ত্রীর অনুদান ও উপহার বিতরণ
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬


 

নেছারাবাদে ১০২ পূজামন্দিরে প্রধানমন্ত্রীর অনুদান ও উপহার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১০২টি পূজামন্দিরের সভাপতি ও প্রতিনিধিদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মনজুর সুমন।

 

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নাগরিক অধিকার ও সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কমিটিতে নারী ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথাও জানান তিনি। যেকোনো সমস্যা নিয়ে নির্ভয়ে তাঁর কাছে অথবা প্রশাসনের কাছে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

 

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে সনাতন ধর্মাবলম্বীরা পাশে ছিলেন। দেশের স্বার্থ, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রশ্নে তাঁদের অবদান তুলে ধরে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে নেছারাবাদকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে চান তাঁরা।

 

দুর্গাপূজার বার্তা সম্প্রীতি, সাম্য, সুশাসন ও মানবিকতার বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ একই পরিবারের সদস্য হিসেবে শান্তিতে বসবাস করবে, এটাই তাঁদের প্রত্যাশা।

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের পাশে ছিলেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাঁদের সহযোগিতা চান তিনি।

 

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মইনুল হাসান।

 

এ ছাড়া স্বরূপকাঠি কেন্দ্রীয় দুর্গামন্দিরের সভাপতি উৎপল দাস, স্বরূপকাঠি কেন্দ্রীয় শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের সভাপতি খোকন সাহাসহ উপজেলার ১০২টি পূজামন্দিরের সভাপতি, প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী উপস্থিত মন্দিরের সভাপতি ও প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী তুলে দেন। পরে তিনি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে স্বরূপকাঠি পৌর শহরের বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন এবং ভক্ত ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:১১ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ