বরিশালে ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশের কঞ্চির অভিযোগ, ত্রুটিপূর্ণ অংশ ভেঙে ফেলল প্রশাসন

হোম » লিড নিউজ » বরিশালে ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশের কঞ্চির অভিযোগ, ত্রুটিপূর্ণ অংশ ভেঙে ফেলল প্রশাসন
মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬


 

বরিশালে ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশের কঞ্চির অভিযোগ, ত্রুটিপূর্ণ অংশ ভেঙে ফেলল প্রশাসন

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী-করিমবাজার খালের ওপর নির্মাণাধীন একটি আয়রন ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের পর প্রশাসনের নির্দেশে ব্রিজটির ত্রুটিপূর্ণ ঢালাই অংশ ভেঙে ফেলা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের অর্থায়নে বারপাইকা গ্রামের রুহুল আমিনের বাড়ির সামনে ব্রিজটি নির্মাণ করা হচ্ছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রিজের ঢালাই অংশে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

 

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হয়নি। পাশাপাশি নির্মাণসামগ্রী ব্যবহারে অনিয়ম এবং স্থানীয়দের কাছ থেকে অর্থ সংগ্রহের অভিযোগও ওঠে সংশ্লিষ্ট এক ইউপি সদস্যের বিরুদ্ধে। পরে অভিযোগগুলো গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

 

এরপর উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শনে নির্মাণকাজে অনিয়ম ও ত্রুটির প্রাথমিক সত্যতা পাওয়ায় জননিরাপত্তার স্বার্থে ব্রিজটির ত্রুটিপূর্ণ ঢালাই অংশ অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রশাসনের উপস্থিতিতে সেই অংশ ভেঙে ফেলা হয়।

 

মঙ্গলবার সকালে সরেজমিনে স্থানীয় বাসিন্দারা বলেন, নিম্নমানের নির্মাণকাজের কারণে ব্রিজটি ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারত। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে সম্ভাব্য ঝুঁকি থেকে এলাকাবাসী রক্ষা পেয়েছে।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে নির্মাণকাজে অনিয়ম, দুর্নীতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সরকারি উন্নয়ন প্রকল্পের কাজের মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৩৭ ● ৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ