বরগুনায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ মিছিল

হোম » ইসলামী জীবন » বরগুনায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ মিছিল
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬


 

বরগুনায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ মিছিল

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে জমইয়াতে হিযবুল্লাহ। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে সদরঘাট জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

জইনপুর খানকা মসজিদ ও সংশ্লিষ্ট ধর্মীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলে স্থানীয় আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ব্যানার, ফেস্টুন ও ধর্মীয় স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

 

মিছিলে ভারতের জইনপুর থেকে আগত সাদাব আহাম্মদ সিদ্দিকী আল কোরাইশী, বরগুনা জইনপুর খানকা মসজিদের ইমাম মাওলানা মো. সানাউল্লাহ, পেশ ইমাম হাফেজ মোহাম্মদ ওয়াহিদুজ্জামানসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও ধর্মীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির সদস্যসচিব হুমায়ুন হাসান শাহিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

 

আয়োজকরা জানান, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত স্মরণে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মিছিল শেষে জোহরের নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। শান্তিপূর্ণ পরিবেশে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি শেষ হয়।

 

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হাসনাইন পারভেজ বলেন, ‘শহরে শান্তিপূর্ণভাবে আনন্দ মিছিল হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

বাংলাদেশ সময়: ১৪:৫৭:১৮ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ